প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম (ভিজিট : ৮৭)

সংগৃহীত ছবি
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে শওকত আজিজ রাসেলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
এর আগে গত ১ নভেম্বর একই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দিয়েছিলেন।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর রাজউকের পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শওকত আজিজ রাসেলসহ আটজনকে সাত বছর করে কারাদণ্ড দেন একই আদালত।