
সংগৃহীত ছবি
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের প্রচলিত ‘মাই লর্ড’ সম্বোধনের পরিবর্তে ‘ইওর হাইনেস’ (Your Highness) অথবা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারের সুযোগ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
আবেদনে বলা হয়েছে, সংবিধানের ৪১ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা হয়েছে। ইসলামী আকিদা ও তাওহিদের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক বিবেচনায় মুসলিম আইনজীবীদের ‘মাই লর্ড’ বলতে বাধ্য না করে বিকল্প সম্মানসূচক শব্দ ব্যবহারের সুযোগ দেওয়া প্রয়োজন।
গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে প্রধান বিচারপতি বরাবর আবেদনটি দাখিল করা হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে আবেদনটি উপস্থাপন করেন আইনজীবী মো. মাহমুদুল হাসান (মামুন)।
আবেদনে সংবিধানের ৪১(১)(ক) অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়েছে, প্রত্যেক নাগরিকের যেকোনো ধর্ম অবলম্বন, পালন ও প্রচারের অধিকার রয়েছে। ধর্মীয় বিশ্বাস ও নৈতিক মূল্যবোধের স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত।
আবেদনকারী উল্লেখ করেন, একজন নিয়মিত মুসলিম আইনজীবী হিসেবে বিচারপতিদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের পাশাপাশি নিজের ধর্মীয় বিশ্বাস, আত্মমর্যাদা ও সাংবিধানিক অধিকার বজায় রাখাও তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
আবেদনে ইসলামের মূল বিশ্বাস তাওহিদের প্রসঙ্গ তুলে বলা হয়েছে, পবিত্র কালিমা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’-এর অর্থ অনুযায়ী আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল। ইসলামী বিশ্বাস অনুসারে, সৃষ্টিজগতের একমাত্র স্রষ্টা ও প্রভু আল্লাহ। তাই কোনো মানুষকে ‘লর্ড’ বা প্রভু হিসেবে সম্বোধন করা আবেদনকারীর ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।রব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ‘মাই লর্ড’ সম্বোধন
আবেদনে বিচার বিভাগের ঐতিহাসিক প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে। সেখানে প্রখ্যাত আইনবিদ ভি. ডি. কুলশ্রেষ্ঠের লেখা ‘ল্যান্ডমার্কস ইন ইন্ডিয়ান লিগ্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল হিস্ট্রি’ গ্রন্থের সপ্তম সংস্করণের ঐতিহাসিক বিশ্লেষণের উল্লেখ করা হয়েছে।
আবেদনকারীর দাবি, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে উপমহাদেশের বিচার বিভাগে ‘মাই লর্ড’ সম্বোধনের প্রচলন শুরু হয়। এটি উপমহাদেশের নিজস্ব বিচারিক ঐতিহ্য নয়, বরং ঔপনিবেশিক শাসনব্যবস্থা থেকে আসা একটি রীতি।
তিনি বলেন, ব্রিটিশ শাসনামলে চালু হওয়া এই সম্বোধন স্বাধীন বাংলাদেশের বিচারব্যবস্থায়ও প্রচলিত রয়েছে। বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের ‘মাই লর্ড’ বলে সম্বোধন করা হয়। তবে এর আক্ষরিক ও ধর্মীয় তাৎপর্য মুসলিম আইনজীবীদের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
আবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা দেশের সর্বোচ্চ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন এবং তাঁরা যথাযথ সম্মান ও মর্যাদার অধিকারী। তাঁদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে আবেদনকারীর কোনো আপত্তি নেই।
তবে বিচারপতিদের মর্যাদা অক্ষুণ্ন রাখার পাশাপাশি মুসলিম আইনজীবীদের ধর্মীয় বিশ্বাস ও সংবিধানস্বীকৃত মৌলিক অধিকারও সুরক্ষিত রাখা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
এ কারণে ‘মাই লর্ড’-এর পরিবর্তে ‘ইওর হাইনেস’ অথবা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারের অনুমতি চেয়েছেন তিনি।
আবেদনের শেষাংশে ঐতিহাসিক, ধর্মীয় ও নৈতিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বিশেষ করে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে কর্মরত মুসলিম আইনজীবীদের ক্ষেত্রে ‘মাই লর্ড’-এর পরিবর্তে ‘ইওর হাইনেস’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারের বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ কিংবা সার্কুলার জারির আবেদন করা হয়েছে।
আবেদনকারীর মতে, এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে বিচারপতিদের প্রতি যথাযথ সম্মান বজায় রাখার পাশাপাশি মুসলিম আইনজীবীদের ধর্মীয় বিশ্বাস, আত্মমর্যাদা ও সাংবিধানিক অধিকারও সুরক্ষিত থাকবে।
উল্লেখ্য, এটি একজন আইনজীবীর পক্ষ থেকে প্রধান বিচারপতির কাছে দাখিল করা আবেদনমাত্র। এ বিষয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা জারির তথ্য পাওয়া যায়নি।