প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম (ভিজিট : ৪৬)

সংগৃহীত ছবি
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করাকে ‘সম্পূর্ণ রাজনৈতিক স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার (৯ নভেম্বর) গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর জানান, দণ্ডিত শেখ হাসিনার দেশে ফেরা ও আত্মসমর্পণের ইচ্ছার বিষয়ে আইনি ও প্রাতিষ্ঠানিক অবস্থান তুলে ধরতে মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।
এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বারস’-এর আইনজীবীরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠি পাঠিয়ে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরবর্তী সময়ে ২০২৫ সালের নভেম্বরে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, দণ্ডিত ও পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।