সোমবার ● ৯ নভেম্বর ২০২৬ ● ২৪ কার্তিক ১৪৩৩

শিরোনাম: দেশের রাজনীতি কি সত্যিই বদলেছে? গণতন্ত্রের ভাষণ, ক্ষমতার বাস্তবতা ও জনগণের প্রত্যাশা   শ্রমিকদের জন্য ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী   শেনজেনে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে চীন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত   আর্থিক সংকটে অনন্ত জলিল, একের পর এক বন্ধ হচ্ছে কারখানা   ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী   কারাগারে রয়েছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম: স্পিকার   আওয়ামী লীগের দুই সাবেক এমপির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ   
সালমান এফ রহমান বিদেশি আইনজীবী আনতে পারবেন ‘অবজারভার’ হিসেবে: প্রসিকিউটর
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:৪৮ এএম   (ভিজিট : ৯১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান বিদেশি আইনজীবীকে ‘অবজারভার’ বা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিতে পারবেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

রোববার (৮ নভেম্বর) বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। তবে আসামিপক্ষ অবজারভার নিয়োগে আগ্রহী নয় জানিয়ে সরাসরি বিদেশি আইনজীবী নিয়োগের দাবি জানিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

প্রসিকিউটর বলেন, বিদেশি আইনজীবী পর্যবেক্ষক হিসেবে ট্রাইব্যুনালে উপস্থিত থাকতে পারবেন এবং আসামিপক্ষের আইনজীবীদের মামলা পরিচালনায় সহযোগিতা করতে পারবেন।

এর আগে রোববার ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন সালমান এফ রহমান। তিনি বলেন, তিনি ন্যায়বিচার চান। বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার আবেদন করেছিলেন তিনি। ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করার পর কারা কর্তৃপক্ষের মাধ্যমে বার কাউন্সিলে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে আবেদন করেন।

একই বিষয়ে তাঁর প্রস্তাবিত বিদেশি আইনজীবীও বার কাউন্সিলে আবেদন করেছেন। তবে এখন পর্যন্ত বার কাউন্সিল আনুষ্ঠানিকভাবে তাঁদের কিছু জানায়নি। যদিও বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ করা হয়েছে। তবে পর্যবেক্ষক হিসেবে বিদেশি আইনজীবী আনার সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে।

সালমান এফ রহমান বলেন, আইন অনুযায়ী যুক্তিসংগত কারণ ছাড়া বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি আটকে রাখা উচিত নয়। অথচ বার কাউন্সিল আবেদন প্রত্যাখ্যানের কারণ তাঁকে জানায়নি। কারণ জানানো হলে ট্রাইব্যুনাল তা যুক্তিসংগত কি না, সেটি বিবেচনা করতে পারত।

তিনি আরও বলেন, প্রসিকিউশন জানিয়েছে, তাঁর মামলার বিচার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। অথচ বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন আগেই করা হয়েছে। সামনে যুক্তিতর্কের মতো গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। আইন সংশোধনের উদ্দেশ্যই ছিল আসামিকে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া। তাই যুক্তিতর্কের সময় তিনি বিদেশি আইনজীবীর সহায়তা চান।

পরে ট্রাইব্যুনালে বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, আইন অনুযায়ী বার কাউন্সিলের অনুমতি সাপেক্ষেই কোনো আসামি বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন। সালমান এফ রহমানের লিখিত আবেদনে তাঁর পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের জন্য বার কাউন্সিলকে নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে। তবে এ বিষয়ে বার কাউন্সিলকে নির্দেশ দেওয়ার এখতিয়ার ট্রাইব্যুনালের নেই।

এ সময় ট্রাইব্যুনাল বলেন, আইনে বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলে তাঁরা এ বিষয়ে বিবেচনা করতে পারতেন। কিন্তু আইনে বার কাউন্সিলের অনুমতির বিষয়টি স্পষ্ট থাকায় এ ক্ষেত্রে নির্দেশনা দেওয়ার সুযোগ নেই। তবে বার কাউন্সিল সালমান এফ রহমানের আবেদন নিষ্পত্তি করেছে কি না এবং করে থাকলে কী সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে জানতে নির্দেশনা দিতে পারেন তাঁরা। বার কাউন্সিলের সিদ্ধান্তে সংক্ষুব্ধ হলে আপিলের সুযোগও রয়েছে।

পরে সাংবাদিকদের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, বিদেশি আইনজীবী ট্রাইব্যুনালের ডায়াসে দাঁড়িয়ে সরাসরি বক্তব্য দিতে পারবেন কি না, সে বিষয়ে আইনি অনুমতির প্রয়োজন রয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবীকে মামলা প্রস্তুত ও পরিচালনায় সহযোগিতা করার ক্ষেত্রে আলাদা অনুমতির প্রয়োজন নেই।

তিনি বলেন, বিদেশি আইনজীবীকে অবজারভার হিসেবে আনা হলে তাঁরা আসামিপক্ষের আইনজীবীদের সহযোগিতা করতে পারবেন। আর সাক্ষীদের জেরা করবেন আসামিপক্ষের বাংলাদেশি আইনজীবীরা।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]