
সংগৃহীত ছবি
নিষিদ্ধ আওয়ামী লীগই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও আগুন সন্ত্রাসের ঘটনা ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, রাতের আঁধারে দু-চারজন এসে কোথাও স্লোগান দিয়ে চলে যাচ্ছে, আবার কোথাও গাড়ি বা বাসে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে। এসব ঘটনা বারবার প্রমাণ করছে, আওয়ামী লীগই আগুন সন্ত্রাসের সঙ্গে জড়িত।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের অগ্নিসংযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অগ্নিসংযোগ তাদের জন্য নতুন কোনো বিষয় নয়। তাদের রাজনীতিই ধ্বংসাত্মক। দলটির কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, গেজেট অনুযায়ী দলটির প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ এবং সভা আয়োজনসহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ। শুধু কার্যক্রম পরিচালনাই নয়, এসব কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ। বিষয়টি গণমাধ্যমেরও বিবেচনায় রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
ইয়াসের খান চৌধুরী আরও বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস নতুন কিছু নয়। দলটির জন্মলগ্ন থেকেই তারা অগ্নিসংযোগ, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি। বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে তাদের এমন কর্মকাণ্ড চালানো অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষ এ বিষয়ে সতর্ক রয়েছেন। পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো সন্ত্রাসী সংগঠন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, রাতের অন্ধকারে কয়েকজন ব্যক্তি বিভিন্ন স্থানে স্লোগান দিয়ে কিংবা পার্ক করা গাড়ি ও বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। তবে এসব ঘটনা থেকে বারবার প্রমাণিত হচ্ছে, অগ্নিসন্ত্রাসের সঙ্গে তারাই জড়িত।
আওয়ামী লীগের পলাতক এক নেতার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাসের মূল হোতাকে অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে। দেশের জনগণও এই বিচার দেখতে চায়।
এদিকে, বিজেসির দাবিদাওয়া প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, সংগঠনটির নেতারা বেশ কিছু দাবি ও নীতিমালা পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। টেলিভিশন চ্যানেলগুলোর টিকে থাকা, আধুনিকায়ন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেছেন তারা। লিখিতভাবে দাবিগুলো জমা দেওয়া হলে সেগুলো পর্যালোচনা করে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
মতবিনিময় সভায় বিজেসির চেয়ারম্যান ও যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ, সদস্য সচিব ও আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেনসহ সংগঠনটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।