
সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর সংবাদ প্রচার নিয়ে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞার আওতায় গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশনা এবং প্রচার-প্রচারণাও রয়েছে। বিষয়টি গণমাধ্যমের বিবেচনায় রাখা উচিত।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির প্রকাশনা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ এবং সম্মেলন আয়োজনসহ যাবতীয় কার্যক্রমের ওপর এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে। পরবর্তী সময়ে ২০২৫ সালে আওয়ামী লীগসহ দলটির সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সমর্থকদের কর্মসূচি এবং সেগুলোকে কেন্দ্র করে সহিংসতার বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, অগ্নিসংযোগের ঘটনা ঘটানো ব্যক্তিদের রাজনীতিই ধ্বংসাত্মক। তাদের বিরুদ্ধে অতীত থেকেই অগ্নিসন্ত্রাস, গুম, খুন ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে প্রতিমন্ত্রী বলেন, এসব নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথাও বলেন প্রতিমন্ত্রী। তিনি শেখ হাসিনাকে অগ্নিসন্ত্রাসের মূল হোতা হিসেবে উল্লেখ করেন।
এদিকে, বিজেসির সঙ্গে মতবিনিময় সভায় সম্প্রচার সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদল টেলিভিশন চ্যানেলগুলোর আর্থিক সংকট, সাংবাদিকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি, পেশাগত স্বাধীনতা এবং সম্প্রচারমাধ্যমের আধুনিকায়নের বিষয়গুলো তুলে ধরে।
এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণ যাতে সঠিক তথ্য পেতে পারে, সেটিই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার এখন পর্যন্ত কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার কাজে হস্তক্ষেপ করেনি। ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের কোনো পরিকল্পনা নেই।
প্রতিমন্ত্রী জানান, টেলিভিশন চ্যানেলগুলোর আয় বৃদ্ধি, ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন এবং প্রয়োজনীয় নীতিমালা পরিবর্তনের বিষয়ে বিজেসির প্রতিনিধিরা বিভিন্ন প্রস্তাব দিয়েছেন। লিখিতভাবে দাবিগুলো মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় বার কাউন্সিলের আদলে একটি গণমাধ্যম কমিশন গঠনের বিষয়েও আলোচনা হয়। বিজেসির প্রতিনিধিরা মনে করেন, এ ধরনের কমিশন গঠিত হলে সংবাদপত্র, টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমের বিভিন্ন সমস্যা সমন্বিতভাবে সমাধানের সুযোগ তৈরি হবে।