
সংগৃহীত ছবি
জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, কম মজুরি, আবাসন সংকট এবং সরকারি সেবার ঘাটতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইউরোপ। গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইউরোপের ৩১টি দেশে এক হাজার ৭০০টির বেশি বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর তথ্য বিশ্লেষণ করে এ চিত্র তুলে ধরেছে সংবাদমাধ্যম আলজাজিরা।
ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে ফ্রান্সে। প্রায় দুই মাস আগে দেশটির শিক্ষার্থীরা বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন, শিক্ষক সংকট এবং শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপের প্রতিবাদে আন্দোলন শুরু করেন। পরবর্তী সময়ে এর সঙ্গে যুক্ত হয় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য, কম মজুরি ও সামাজিক আবাসনের দাবিও। একপর্যায়ে আন্দোলনে যোগ দেন শ্রমিক সংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরা।
এসিএলইডির তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফ্রান্সে এক হাজার ২০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে। গত ১৭ অক্টোবর এক দিনেই দেশটিতে পাঁচ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। গত শনিবারও দেশজুড়ে বিভিন্ন সমাবেশে যোগ দেন প্রায় এক লাখ ৪৬ হাজার মানুষ।
ফ্রান্সের পর সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে স্পেনে। দেশটিতে ১৭৩টি বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ ছাড়া ইতালিতে ১৬০টি, জার্মানিতে ৭০টি এবং পর্তুগালে ৩৩টি বিক্ষোভ হয়েছে। স্পেনে আবাসনসংক্রান্ত দুটি জরুরি অধ্যাদেশ প্রত্যাখ্যানের প্রতিবাদে এবং ইতালিতে জীবনযাত্রার ব্যয় ও বাড়িভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন হয়েছে।
এদিকে গত ২৩ অক্টোবর প্যারিসের উত্তরে ত্রাপ শহরে বর্ণবাদী হামলায় ২৬ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আহত হন আরও সাতজন। সন্দেহভাজন হামলাকারী মুসলিম, আফ্রিকান ও উত্তর আফ্রিকান বংশোদ্ভূতদের লক্ষ্যবস্তু করার কথা স্বীকার করেছেন।
মানবাধিকারকর্মীদের অভিযোগ, অভিবাসী ও মুসলিম জনগোষ্ঠীকে অপরাধী হিসেবে উপস্থাপনের মাধ্যমে উগ্র ডানপন্থি বক্তব্যকে স্বাভাবিক করে তোলা হচ্ছে। একই সঙ্গে বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে।
অন্যদিকে, বিক্ষোভের সময় সহিংসতার জন্য বামপন্থি দল ফ্রান্স আনবোডকে দায়ী করেছেন সরকারের কয়েকজন নেতা। তবে দেশটির গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, দলটি বিক্ষোভে উপস্থিত থাকলেও সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল না।
বিশ্লেষকদের আশঙ্কা, ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ফ্রান্সে রাজনৈতিক মেরূকরণ আরও তীব্র হতে পারে। পাশাপাশি দেশটিতে উগ্র ডানপন্থি মতাদর্শের বিস্তারও বাড়ার আশঙ্কা রয়েছে।