প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:৩০ এএম (ভিজিট : ৯৪)

সংগৃহীত ছবি
ইয়েমেনের রাজধানী সানার উপকণ্ঠে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৯ জন।
হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি এ তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলাসবাহি জানান, সানার পূর্বাঞ্চলের বানি হাশিশ জেলার আল শারিয়াহ গ্রামে কয়েক দফা বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট।
তাঁর দাবি, এসব হামলায় গ্রামের একাধিক বাড়িঘর ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া অ্যাম্বুলেন্সকর্মী ও বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরাও হামলার লক্ষ্যবস্তু হয়েছেন।
আলাসবাহি আরও জানান, হামলার পর উদ্ধার অভিযান এবং হতাহতের তথ্য হালনাগাদ করতে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে পৌঁছেছে। আহত অবস্থায় অন্তত ৩৯ জনকে শনাক্ত করা হয়েছে।
তবে এ হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।