প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম (ভিজিট : ৬০)

সংগৃহীত ছবি
র্যাব বিলুপ্তির পর গঠিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) দ্বিতীয় মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। রোববার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব বুঝে নেন।
এসআরবির প্রথম মহাপরিচালক ছিলেন মো. আহসান হাবীব পলাশ। বর্তমানে তাকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর এসআরবি ফোর্সেসের সদস্যদের সঙ্গে স্বাগত দরবারে অংশ নেন ফারুক আহমেদ। এ সময় তিনি জনকল্যাণে আন্তরিকতা, পেশাদারিত্ব ও জবাবদিহি নিশ্চিত করে নিয়মতান্ত্রিকভাবে অর্পিত দায়িত্ব পালনের জন্য সদস্যদের নির্দেশনা দেন।
বাংলাদেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবি ফোর্সেসকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সব পর্যায়ের সদস্যদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান নতুন মহাপরিচালক।
গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে বিল পাস হয়। এরপর নতুন নামে ইউনিটটির কার্যক্রম শুরু হয়। এর আগে ৩ নভেম্বর ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ফারুক আহমেদ ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানেও দায়িত্ব পালন করেন তিনি।
শিক্ষাজীবনে ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।