প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ এএম (ভিজিট : ৬১)

সংগৃহীত ছবি
ইরানে চলমান সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার। এ যুদ্ধের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতি ও খামখেয়ালি সিদ্ধান্তকে দায়ী করে তার কঠোর সমালোচনা করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনী ফলাফল, গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে ডেমোক্র্যাটদের সাফল্য এবং দেশটির সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শুমার।
নির্বাচনে ডেমোক্র্যাটদের তুলনামূলক সাফল্যের প্রসঙ্গে ট্রাম্পকে দায়ী করে তিনি বলেন, প্রেসিডেন্ট তার সময়ের বড় একটি অংশ এমন সব বিষয় নিয়ে কথা বলে কাটিয়েছেন, যেগুলোর সঙ্গে ভোটারদের দৈনন্দিন জীবনের কোনো সম্পর্ক নেই।
শুমারের মতে, স্বাস্থ্যসেবার ব্যয়, বিদ্যুৎ বিল, জ্বালানি ও ডিজেলের দাম বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রিপাবলিকানরা যথাযথ মনোযোগ দেননি।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে ক্ষোভ রয়েছে। দেশের ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্পের নেওয়া পদক্ষেপের ফলে সৃষ্ট বিশৃঙ্খলার জবাবদিহি চান তারা।
ইরান যুদ্ধের প্রসঙ্গে শুমার বলেন, ট্রাম্পের দুর্নীতি ও অস্থির বিচারবুদ্ধির কারণেই এই যুদ্ধের সূত্রপাত হয়েছে। এ সংঘাতে যুক্তরাষ্ট্রের ভেতরে ও দেশের বাইরে মার্কিন নাগরিকদের প্রাণহানির বিষয়টিও উল্লেখ করেন তিনি।
শুমার বলেন, ‘ইরানে তারা কীসের জন্য লড়াই করছে, তা মার্কিন জনগণ জানে না। এই যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে।’
এ ছাড়া আইন ও জনমতের তোয়াক্কা না করে ট্রাম্প প্রশাসন আরও কোনো পদক্ষেপ নিলে তার বিরুদ্ধে তদন্ত শুরু করার হুঁশিয়ারি দেন সিনেটের এই নেতা। প্রয়োজনে আইন প্রণয়নের মাধ্যমে প্রশাসনের এমন উদ্যোগে কঠোর বাধা তৈরির কথাও জানান তিনি।
শুমারের ভাষায়, ‘ট্রাম্পের প্রতি নতজানু সিনেটের দিন শেষ হয়ে গেছে।’