প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:১০ এএম (ভিজিট : ৬২)

সংগৃহীত ছবি
বাংলাদেশে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনসহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত পাক্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরীণ অসন্তোষ ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ অবস্থান তুলে ধরেন।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করে জয়সওয়াল বলেন, বাংলাদেশের পরিস্থিতি এবং সেখানে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করছে ভারত। দুই দেশের সম্পর্ককে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক ধারায় এগিয়ে নিতে চায় নয়াদিল্লি।
এদিকে, বাংলাদেশে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন মঙ্গলবার চতুর্থ দিনে গড়ায়। ঢাকার মিরপুরে সকালে কিছু কারখানা আংশিকভাবে চালু হলে শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। এতে নতুন করে উত্তেজনা দেখা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
সংবাদ সম্মেলনে গঙ্গার পানি বণ্টন চুক্তিসহ দুই দেশের নদী ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আন্তঃসীমান্ত নদী নিয়ে আলোচনা নির্ধারিত দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই পরিচালিত হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে, যেখানে গঙ্গাসহ দুই দেশের অভিন্ন নদীগুলোর বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্ভাব্য উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ প্রসঙ্গে জয়সওয়াল জানান, বাংলাদেশের নেতৃত্বের জন্য ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইতোমধ্যে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা জানানো হবে।