প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম (ভিজিট : ৪১)

সংগৃহীত ছবি
ফল প্রকাশিত হয়েছে, কিন্তু নেই পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম রোজান। এইচএসসি পরীক্ষায় অংশ নিলেও ফল দেখার সুযোগ হয়নি তার। জীববিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়ার আগেই পৃথিবী থেকে বিদায় নেয় সে। শনিবার ছেলের ফলাফল দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা সাজ্জাদুল মিরাজ।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফল অনুযায়ী, জীববিজ্ঞান ছাড়া অন্য বিষয়গুলোতে জিপিএ ৪ দশমিক ৩৩ পেয়েছে রোজান। তবে জীববিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে না পারায় শুধু এ বিষয়টিতে তাকে অকৃতকার্য দেখানো হয়েছে।
রোজান ঢাকা ক্যান্টনমেন্টের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের শিক্ষার্থী ছিল। গত ১২ আগস্ট এইচএসসির ব্যবহারিক পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। পরে হাসপাতালে টানা ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ছেলের ফল প্রকাশের দিন আনন্দের বদলে শোকের স্মৃতিতে ভারাক্রান্ত হয়ে পড়েন বাবা সাজ্জাদুল মিরাজ। গণমাধ্যমকে তিনি বলেন, ‘ছেলের ফলাফল বের হয়েছে। আজ ওর কথা খুব মনে পড়ছে। অসুস্থ হয়ে পড়ার কারণে ও দুটি ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারেনি। পরীক্ষা দিতে পারলে ওর ফলাফল আরও ভালো হতো।’
স্কুলের এক শিক্ষক রোজানের ফলাফলের কাগজ পাঠিয়েছেন তার বাবার কাছে। সেই ফল দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। সাজ্জাদুল মিরাজ জানান, চতুর্থ বিষয় বাদে ছেলের জিপিএ ৪ দশমিক ৩৩ হয়েছে। জীববিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়ে এ বিষয়ে এ প্লাস পেলে তার চূড়ান্ত ফলাফল হতো জিপিএ ৪ দশমিক ৮৩।
ছেলের অসম্পূর্ণ স্বপ্নের মার্কশিট হাতে নিয়ে এখন কেবল স্মৃতির ভেতরেই তাকে খুঁজে ফিরছেন বাবা-মা। ফ্রেমে বাঁধানো হাসিমুখের ছবি আর ফেলে আসা মুহূর্তগুলোই এখন তাঁদের সঙ্গী। রোজানের অনুপস্থিতিতে পরিবারের কাছে আনন্দের এই দিনটিও হয়ে উঠেছে গভীর শোকের।