
সংগৃহীত ছবি
সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর বড় ভাই মোহাম্মদ আলী আকবর। ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে আসিফের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
আলী আকবরের ভাষ্য, একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে এমন ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয়। এটি অত্যন্ত দুঃখজনক। সবার নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। ফলে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি।
ভাইয়ের গাড়িতে গুলি চালানোর খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। ফজরের নামাজ শেষে বাসায় ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি জানতে পারেন আলী আকবর। পরে অফিসে যাওয়ার পথে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
আলী আকবর বলেন, একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে এমন ঘটনা তাঁরা আশা করেন না। তাঁর মতে, আল্লাহ হয়তো আসিফের হায়াত বাড়িয়ে দিয়েছেন। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত।
হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রচলিত আইন অনুযায়ী বিচার নিশ্চিত করার দাবি জানান। তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশেরও আহ্বান জানান তিনি।
আলী আকবর বলেন, হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করাই এখন সবচেয়ে জরুরি। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি।
পরিবারের সদস্যরা ভালো আছেন জানিয়ে তিনি বলেন, তাঁরা পাঁচ ভাই ভালো আছেন। তবে ঘটনার রহস্য উদঘাটনে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুরুত্ব দিয়ে পরীক্ষা করার ওপর জোর দেন তিনি।
তাঁর ভাষ্য, মার্কেটের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশ ভালোভাবে যাচাই-বাছাই করলে ঘটনার সূত্র পাওয়া যেতে পারে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে তাঁরা আশা করছেন।
কথা বলার একপর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আসিফ আকবরের বড় ভাই। আপন ছোট ভাইকে লক্ষ্য করে এমন ঘটনা ঘটায় তিনি নিজেও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানান। আসিফের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
আলী আকবর বলেন, এমন পরিস্থিতিতে কথা বলার মতো মানসিক অবস্থা তাঁর নেই। ছোট ভাইকে নিয়ে তিনি নিজেও ভীষণ উদ্বিগ্ন। প্রশাসন ও সবার সহযোগিতায় আসিফ ভালো থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।