প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:৪৫ পিএম (ভিজিট : ৫১)

সংগৃহীত ছবি
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও বিনামূল্যে চশমা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং ভিশনস্প্রিং বাংলাদেশের যৌথ উদ্যোগে রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মিনি কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। এ সময় ভিশনস্প্রিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিশা মাহজাবিন উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ ৩৯টি মন্ত্রণালয়ের প্রায় ৩০০ জন চালকের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী তাঁদের বিনামূল্যে চশমা দেওয়া হবে।
পাঁচ দিনব্যাপী এ কর্মসূচি ১৮ ও ১৯ অক্টোবর এবং ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলবে। এ সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও কার্যালয়ের চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করছে ভিশনস্প্রিং বাংলাদেশ।
আয়োজকদের মতে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের স্বাভাবিক ও সুস্পষ্ট দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৃষ্টিশক্তির সমস্যা শনাক্ত করা এবং প্রয়োজনীয় চশমা সরবরাহের মাধ্যমে সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমানো ও চালকদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
সংশ্লিষ্টরা মনে করছেন, চালকদের শারীরিক সক্ষমতা ও সুস্থতার পাশাপাশি তাঁদের দৃষ্টিশক্তির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ চালকদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি সড়কে নিরাপদ চলাচল ও যাত্রীদের সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।