প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ২:০১ পিএম (ভিজিট : ৩৯)

সংগৃহীত ছবি
একই পদ্ধতিতে বারবার পাঠদান করে ভিন্ন ফল আশা করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীরা পাঠ কতটা বুঝতে পারছে, তা যাচাই করে প্রয়োজন অনুযায়ী পাঠদানের কৌশল পরিবর্তনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষকদের উদ্দেশে এ আহ্বান জানান মন্ত্রী।
শিক্ষকতার শুরু থেকেই নিজের পাঠদানের কার্যকারিতা নিয়ে আত্মসমালোচনার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়ে তিনি বলেন, একটি অধ্যায় পড়ানো শেষে শিক্ষকদের নিজেদের প্রশ্ন করা উচিত—কতজন শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছে এবং যারা বুঝতে পারেনি, তাদের বোঝানোর জন্য পাঠদানের পদ্ধতিতে কী পরিবর্তন আনা প্রয়োজন।
মন্ত্রী বলেন, একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল প্রত্যাশা করা যাবে না। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের কাজ, প্রশ্ন ও ভুল থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে পাঠদানের মান উন্নত করা শিক্ষকতার একটি গুরুত্বপূর্ণ চর্চা।