প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:১১ পিএম (ভিজিট : ২২৩)

রাজধানীর মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ প্রতিবারের মতো চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে।
সোমবার (৩১ আগস্ট) মিরপুর ১০ নম্বরে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসিতে সফল শিক্ষার্থীদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, মেডেল ও ১টি আকর্ষনীয় উপহার দেওয়া হয়।
চলতি বছর এসএসসি পরীক্ষায় মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ থেকে মোট ১৬০ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৯ জন জিপিএ ৫ পেয়েছে। ইকেআর ফাউন্ডেশন থেকে প্রতি বছর এসএসসিতে কৃতী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করে থাকে মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক এর বিভাগীয় সম্পাদক (অনুশীলন) চন্দন কুমার বর্মণ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এসএসসি পরীক্ষায় সাফল্যের জন্য আমি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে আশা করবো, এই ক্ষুদ্র জীবনের আগামী দিনের প্রতিটি পরীক্ষায় উত্তরোত্তর সাফল্যের মাধ্যমে এগিয়ে যাবে। কারণ তোমরা্ই আগামীর ভবিষ্যৎ, তোমাদের দিকেই তাকিয়ে আছে মা-বাবার পাশাপাশি সমাজ এবং তোমার দেশের মানুষ।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি এবং মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজন পরীক্ষায় প্রশংসনীয় ফলাফলের জন্য সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, এসএসসি পাশ করার মাধ্যমে সমাজজীবনের প্রতিটি ধাপে তাদের দায়িত্ব এবং কর্তব্য আরো অনেক বেড়ে গেল। তাই সঠিকভাবে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই প্রথমে তাদের লক্ষ্য ঠিক করতে হবে। জীবনে বড় হওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতাও বাড়াতে হবে। বিভিন্ন স্কিল আয়ত্ত, ডিবেটিং, স্কাউটিং, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণসহ সভা-সেমিনারে অংশগ্রহণ করে নিজের প্রোফাইল বড় করতে হবে। তাহলে সহজেই নিজের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের শিক্ষক ও কোঅর্ডিনেটর মো. আসাদুজ্জামান আসাদ। এ ছাড়া দুজন শিক্ষার্থী এবং দুজন অভিভাবক তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।
অতিথিদের বক্তব্য ও শুভেচ্ছা প্রদান শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি ক্রেস্ট বিতরণ করেন। সবশেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করেন।