প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:১১ পিএম (ভিজিট : ২৩)

সংগৃহীত ছবি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের ইতিহাসে এবারই প্রথম কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম—তিনটি পৃথক অঞ্চলে গিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার বগুড়ার হোটেল মম-ইনের অডিটরিয়ামে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরাম।
মীর শাহে আলম বলেন, বিগত নির্বাচনে একটি গোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিজেদের পকেটের লোক মনে করত। তবে তাঁরা সেই অবস্থান থেকে বেরিয়ে এসে বিএনপির প্রতি আস্থা রেখে ভোট দিয়েছেন এবং দলটিকে বিশ্বাস করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, সেই আস্থার প্রতিফলন হিসেবে সারা দেশে প্রায় ১ হাজার ২০০টি অতিরিক্ত পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হয়েছে। এটি তাঁদের জন্য প্রত্যাশিত একটি বিষয়। হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপির প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার মূল্য তারেক রহমানের নেতৃত্বাধীন জনগণের সরকার দিতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা সম্মিলিতভাবে পূজামণ্ডপগুলো পাহারা দিয়েছেন। তাঁদের সমন্বিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সম্পন্ন করা সম্ভব হয়েছে।