প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:১২ এএম (ভিজিট : ৫৪)

সংগৃহীত ছবি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ ওএমএস কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির আওতায় প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ৩০ টাকা কেজি দরে কিনতে পারবেন তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকরা। নিজ নিজ কারখানার পরিচয়পত্র (আইডি) দেখিয়ে নির্ধারিত স্থান থেকে এ চাল সংগ্রহ করা যাবে। প্রতি শুক্রবার সকাল ও বিকেলে ট্রাকসেলের মাধ্যমে চাল বিক্রি করা হবে। খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিম্নআয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করা এবং তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়মিত ভর্তুকি মূল্যে ওএমএস কর্মসূচি পরিচালনা করে আসছে সরকার। এরই ধারাবাহিকতায় পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী দামে চাল কেনার সুযোগ দিতে বিশেষ এ কর্মসূচি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় প্রতিটি পোশাকশ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে ট্রাকসেলের মাধ্যমে চাল বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রি করা হবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে এ কার্যক্রম পরিচালিত হবে। চাল কিনতে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র প্রদর্শনের পাশাপাশি মাস্টার রোলে স্বাক্ষর করতে হবে।
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কার্যক্রমের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।
এদিকে সম্প্রতি ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন শুরু হয়। এ আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন শিল্পাঞ্চলে ভাঙচুর, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এতে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে অস্থিরতা ছড়িয়ে পড়ে।
শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত রোববার (১ নভেম্বর) ছয় সদস্যের নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে সরকার। তবে বোর্ড গঠনের পরও শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত থাকে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর মিরপুর, গাজীপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সড়ক অবরোধের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোথাও কোথাও পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এসব ঘটনায় পুলিশ ও শ্রমিকসহ শতাধিক ব্যক্তি আহত হন বলে জানা গেছে।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) দেশের প্রধান তিনটি শিল্পাঞ্চলের ৬৭৯টি পোশাক কারখানা বন্ধ ছিল। এসব কারখানায় কর্মরত ১৬ লাখ ৮০ হাজার ৫৭২ শ্রমিক কাজ না করেই বাড়ি ফিরে যান। পরদিন মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত আরও ৩০৬টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এসব কারখানায় প্রায় সাত লাখ শ্রমিক কর্মরত।