
সংগৃহীত ছবি
খুলনার রূপসা উপজেলায় জাকির হোসেন (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামের একটি দোকানে বসে আড্ডা দেওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের সময় খুলনা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক চলছিল। রাত ১০টা ৫০ মিনিটে শেষ হওয়া ওই সভায় খুলনার চলমান সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
নিহত জাকির হোসেন রূপসার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তাঁর ভাই আবু সাঈদ রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও স্বল্পবাহিরদিয়া গ্রামের একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন জাকির। রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে দুই যুবক সেখানে এসে তাঁর মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এবং সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত খুলনা সার্কিট হাউসে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন, চেকপোস্টের নিরাপত্তায় ২০০ আনসার সদস্য মোতায়েন, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাজ্জাদুর রহমান, এসআরবি-৬, জেলা পুলিশ, নৌপুলিশ, আর্মড পুলিশ, কোস্টগার্ড ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরেকটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী ও চিকিৎসক নেতারা অংশ নেন।
সভায় উপস্থিত ব্যক্তিরা বৃহস্পতিবার সমকালে প্রকাশিত ‘খুলনার মানুষ বাঁচতে চায়’ শিরোনামের প্রতিবেদনের বিষয়টি প্রশাসনের নজরে আনেন। তাঁরা খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেন, একটি শহর এভাবে চলতে পারে না। দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষ কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করে বিশেষ অভিযান শুরু করতে হবে। সন্ত্রাসী ও চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত এ অভিযান অব্যাহত রাখার দাবি জানান তাঁরা।
বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন সভায় উপস্থিত ব্যক্তিদের মতামত শোনেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্ধ্যার সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমান, ওয়াসা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনি, বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, এনসিপির আহ্বায়ক আহমেদ হামীম রাহাত, খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক এবং মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) রিপন চন্দ্র সরকার। এ ছাড়া এসআরবি ও বিজিবির কর্মকর্তা, ব্যবসায়ী এবং চিকিৎসক নেতারাও সভায় অংশ নেন।