
টাঙ্গাইলের কালিহাতীতে পৈতৃক সম্পত্তি ও পুকুরের দখল নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে পুকুর দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন সরোয়ার হোসেন নামে এক কৃষক। নিজের জমি ও পুকুরের দখল ফিরে পেতে এবং ন্যায়বিচারের আশায় স্থানীয় নেতৃবৃন্দ ও মাতব্বরদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে কালিহাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সহদেবপুর ইউনিয়নের সহদেবপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে সরোয়ার হোসেন পৈতৃক সূত্রে ৫৪ শতাংশ জমির মালিক হন। সহদেবপুর মৌজার ৩৫৪ নম্বর খতিয়ানের ৪২৯ নম্বর দাগে ৩৯ শতাংশ, ৪২৫ নম্বর দাগে ৬ শতাংশ এবং ৪৩৪ নম্বর দাগে ৯ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল ও চাষাবাদ করে আসছেন তিনি। পরবর্তী সময়ে মাছ চাষের উদ্দেশ্যে ওই জমিতে পুকুর খনন করেন।
সরোয়ার হোসেনের অভিযোগ, সম্প্রতি স্থানীয় সহিদসহ কয়েকজন ব্যক্তি ওই পুকুরের দখল নেওয়ার চেষ্টা করছেন। গত সপ্তাহে সহিদ পুকুরে মাছ ধরতে গেলে তিনি বাধা দেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে নিজের নিরাপত্তা চেয়ে কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে সরোয়ারের বাবা ওয়াহেদ আলী পুকুরসংলগ্ন পাঁচ শতাংশ জমি মসজিদের জন্য দান করেন। পরবর্তী সময়ে গ্রামবাসী মসজিদটি অন্যত্র স্থানান্তর করেন। সরোয়ারের দাবি, ওই জমি মসজিদের নামে দান করা হলেও এ বিষয়ে কোনো লিখিত দলিল বা কাগজপত্র নেই। বর্তমানে সেখানে মসজিদও নেই। এ কারণে প্রায় আট বছর আগে ওই জমিসহ পুকুর খনন করেন তিনি। তবে সম্প্রতি স্থানীয় কয়েকজন ব্যক্তি পুকুরটির দখল নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তাঁর।
এদিকে সহদেবপুর ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট জমির রেকর্ড সরোয়ারের বাবা ওয়াহেদ আলীর নামে রয়েছে।
ভুক্তভোগী সরোয়ার হোসেন জানান, ‘দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছি এবং পুকুরে মাছ চাষ করছি। থানায় অভিযোগ করার পর উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হতে বলা হলেও অভিযুক্তরা আসেননি। পুকুরে মাছ ধরতে বাধা দেওয়ায় আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমি আমার পৈতৃক সম্পত্তি ফিরে পেতে চাই এবং এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
অভিযোগের বিষয়ে অভিযুক্ত সহিদের চাচা বাদশা মিয়া জানান, ‘মসজিদের জায়গাসহ সরোয়ার পুকুর খনন করে মাটি বিক্রি করেছেন। এ কারণে আমরা সবাই মিলে ওই পুকুরের দখল নিয়ে ভাতিজা সহিদকে মাছ চাষ করার জন্য দিয়েছি।’
তিনি আরও জানান, ‘ওই পুকুরে সরোয়ারের জমি যেমন রয়েছে, তেমনি মসজিদের জমিও রয়েছে। এ ছাড়া পুকুরের মধ্যে খাসজমিও আছে।’
জমির মালিকানা ও পুকুরের দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে এলাকায় বিরোধের সৃষ্টি হয়েছে। এ নিয়ে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। এমন পরিস্থিতিতে জমির প্রকৃত মালিকানা নির্ধারণ করে বিরোধ নিষ্পত্তি এবং নিজের পৈতৃক সম্পত্তির অধিকার ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষক সরোয়ার হোসেন।