প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:২৬ পিএম (ভিজিট : ১০১)

সংগৃহীত ছবি
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। পরে কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি বিবেচনায় মৌচাক ও আশপাশের অধিকাংশ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
এর আগে টানা শ্রমিক আন্দোলনের পর মজুরি বোর্ডের আশ্বাসে গত ৮ ও ৯ নভেম্বর শিল্পাঞ্চলের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। শ্রমিকেরা কাজে ফিরলেও ১০ নভেম্বর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দিন গাজীপুরের নাওজোর, কোনাবাড়ী, কাশিমপুর ও রাজেন্দ্রপুর এলাকায় শ্রমিকেরা কর্মবিরতি ও সড়কে নামার চেষ্টা করেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তখন ১৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।