শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬ ● ২৮ কার্তিক ১৪৩৩

শিরোনাম: দুই ব্যাংকে অনন্ত জলিলের ৪০৭ কোটি টাকা ঋণখেলাপি, আদায়ে আইনি পদক্ষেপ   নতুন বেতনস্কেলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ   জনসমর্থন ছাড়া ষড়যন্ত্র ও নাশকতার চেষ্টা সফল হবে না: রিজভী   খুলনায় যৌথ অভিযান শুরুর সিদ্ধান্তের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা   ৩০ টাকা কেজি দরে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকরা   কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান   কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আওয়ামী লীগ নেতা, বিএনপিতে ক্ষোভ   
কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:১০ এএম   (ভিজিট : ৪৭)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১) ও আন্তালিয়া লিডার্স সামিটে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিন দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ইস্তাম্বুল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে প্রধানমন্ত্রীর ফ্লাইট। এর আগে বিকেল ৪টা ৩০ মিনিটে তিনি আন্তালিয়া ত্যাগ করেন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছালে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল তাঁকে বিদায় জানান।

ঢাকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

সফরকালে প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করেন।

গত ১০ নভেম্বর তিন দিনের সফরে কপ-৩১ ও আন্তালিয়া লিডার্স সামিটে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান তারেক রহমান। বৃহস্পতিবার সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন তিনি। পাশাপাশি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকা নিয়েও কথা বলেন তাঁরা। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন তারেক রহমান।

চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগের সম্ভাবনা গুরুত্ব পায়।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর জন্য যুক্তরাজ্যের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। এ ছাড়া জলবায়ু অভিযোজন, অভিবাসন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা করেন তাঁরা।

উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এ সময় উজবেক প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আগামী নতুন বছরে সফরের আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকগুলোতে বিভিন্ন দেশের নেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনে জনসমর্থন লাভের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অন্যদিকে, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহর সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সফরকালে অনুষ্ঠিত এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়গুলো প্রাধান্য পায়।

এদিকে, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বর্জ্যশূন্য ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত একটি পার্শ্ব-আলোচনায় অংশ নেন। সেখানে তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের লক্ষ্যে সরকারের নীতিগত উদ্যোগ তুলে ধরেন। একই সঙ্গে এ খাতে কারিগরি সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত নৈশভোজে অংশ নেন।

পাশাপাশি আন্তালিয়ায় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের স্ত্রী এবং বিশিষ্ট অতিথিদের সম্মানে এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজেও অংশ নেন ডা. জুবাইদা রহমান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]