
সংগৃহীত ছবি
বেসরকারি খাতের দুটি ব্যাংকে প্রায় ৪০৭ কোটি টাকা ঋণখেলাপি হয়েছেন আলোচিত চিত্রনায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্ত (অনন্ত জলিল)। এর মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) পাওনা ২৬৭ কোটি টাকার একটি অংশ আদায়ে আইনি নোটিশ পাঠিয়েছে ব্যাংকটি। ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক ডিজঅনার হওয়ায় অনন্ত জলিল ও তাঁর স্ত্রী খাদিজা পারভীন বর্ষাকে এ নোটিশ দেওয়া হয়েছে। অন্যদিকে, মার্কেন্টাইল ব্যাংকের প্রায় ১৪০ কোটি টাকা আদায়েও আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ব্যাংক কর্তৃপক্ষ।
জানা গেছে, সাভারে অবস্থিত নিজের কারখানা বিক্রি করে ব্যাংকের ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন অনন্ত জলিল।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পান্থপথ শাখার পক্ষে ব্যাংকটির প্যানেল আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু এ আইনি নোটিশ পাঠান। সম্প্রতি নোটিশের কপি রাজধানীর মোহাম্মদপুরে অনন্ত জলিলের বাসা এবং সাভারে তাঁর কারখানার ঠিকানায় পাঠানো হয়েছে। পাশাপাশি গত ৫ নভেম্বর একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি আকারে নোটিশটি প্রকাশ করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, এবি অ্যাপারেলসের চেয়ারম্যান অনন্ত জলিল ও ব্যবস্থাপনা পরিচালক খাদিজা পারভীন একাধিকবার ফোনে এবং সরাসরি বকেয়া ঋণের টাকা দ্রুত পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি।
এ বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান সমকালকে বলেন, ঋণটি খেলাপি হয়ে যাওয়ায় তা আদায়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনন্ত জলিল কারখানা বিক্রি করে ব্যাংকের পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। এ বিষয়ে কয়েকজন সম্ভাব্য ক্রেতার সঙ্গে কথা বলার বিষয়টিও তিনি ব্যাংককে জানিয়েছেন।
এমটিবির আইনি নোটিশে বলা হয়েছে, কিস্তিতে ঋণ পরিশোধের শর্তে ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলসের ২৬৭ কোটি ২২ লাখ টাকার ঋণ পুনঃতপশিল করা হয়। তবে পুনঃতপশিলের শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানটি কিস্তি পরিশোধ করেনি।
ঋণের আংশিক অর্থ পরিশোধের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল গত ১৮ অক্টোবর ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেকে স্বাক্ষর করেন। গত ২ নভেম্বর ব্যাংকের বগুড়া শাখার মাধ্যমে চেকটি জমা দেওয়া হলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। একই দিন চেক ডিজঅনারের কারণ উল্লেখ করে রিটার্ন মেমো ইস্যু করে ব্যাংক।
নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে পুরো বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আদালতে মামলা করাসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে মামলার যাবতীয় খরচও সংশ্লিষ্টদের বহন করতে হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে সন্ধ্যা ৭টার দিকে অনন্ত জলিলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এদিকে, আরেক ঋণদাতা মার্কেন্টাইল ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে জানিয়েছেন, অনন্ত জলিলের কাছে সুদসহ তাঁদের ব্যাংকের পাওনা প্রায় ১৪০ কোটি টাকা। এ অর্থ আদায়ে আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে ব্যাংক কর্তৃপক্ষ।