
সংগৃহীত ছবি
জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার প্রশ্ন উত্থাপনের সময় সরকারি দলের কয়েকজন এমপির টিপ্পনী ও মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির আরেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সংসদ সদস্যদের সম্মান ও মর্যাদা রক্ষায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের হস্তক্ষেপ কামনা করে এ বিষয়ে রুলিং দেওয়ার অনুরোধ জানান তিনি।
জবাবে স্পিকার বলেন, সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ করা উচিত নয়। কোনো সদস্যের বক্তব্যে আপত্তিকর শব্দ থাকলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে। পাশাপাশি প্রয়োজন হলে সংশ্লিষ্ট বক্তব্যের জবাব দেওয়ার সুযোগও দেওয়া হবে।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে শাহজাহান চৌধুরীর বক্তব্যের পর এসব কথা বলেন স্পিকার।
এর আগে মাগরিবের বিরতির আগে সংসদের প্রশ্নোত্তর পর্বে তারকাচিহ্নিত ৫৪৩ নম্বর প্রশ্ন উত্থাপন করেন জামায়াতের সংসদ সদস্য আমির হামজা। ডেপুটি স্পিকার তাঁর নাম ঘোষণার পর সরকারি দলের কয়েকজন এমপিকে হইচই করতে দেখা যায়। পরে আমির হামজার প্রশ্নের জবাব দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এরপর আরও একটি সম্পূরক প্রশ্ন করেন তিনি।
মাগরিবের বিরতির পর সংসদের সভাপতিত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন শাহজাহান চৌধুরী।
স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, সংসদের ৩৫০ জন সদস্যের অভিভাবক হিসেবে সবার সম্মান রক্ষার দায়িত্ব তাঁর। এ বিষয়ে স্পিকারের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশনাও প্রত্যাশা করেন তিনি।
শাহজাহান চৌধুরী বলেন, আমির হামজা একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ওয়ায়েজিন। প্রশ্নোত্তর পর্বে তাঁর নাম উল্লেখ করে প্রশ্ন করার সময় কয়েকজন সংসদ সদস্য যেভাবে মন্তব্য করেছেন এবং সংসদে যেভাবে শব্দ করেছেন, তা একজন সংসদ সদস্যের বিশেষ অধিকার ক্ষুণ্ন করার শামিল।
তিনি আরও বলেন, স্পিকার এ পর্যন্ত সরকারি ও বিরোধী দলের সদস্যদের সম্মান সমানভাবে রক্ষা করেছেন। একজন সংসদ সদস্যকে নিয়ে এ ধরনের মন্তব্যের বিষয়টি তাঁর নজরে আনতেই তিনি বক্তব্য দিয়েছেন। সংসদের অভিভাবক হিসেবে এ বিষয়ে স্পিকারের একটি রুলিং প্রত্যাশা করেন তিনি।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের প্রতি জনগণের ব্যাপক আস্থা রয়েছে। দীর্ঘ ১৫ বছরের দুঃসময় পেরিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এ সংসদ গঠিত হয়েছে।
নিজের সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে স্পিকার বলেন, তাঁর দেখা সাতটি সংসদের মধ্যে বর্তমান সংসদ সবচেয়ে সুন্দরভাবে গঠিত হয়েছে। এখানে অনেক জ্ঞানী, গুণী ও শিক্ষিত ব্যক্তি রয়েছেন। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত হওয়াই এ সংসদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য।
তিনি বলেন, আগের ১৫ বছর ছিল অন্ধকার সময়। ওই সময়ে সরকারি ও বিরোধী দলের অনেক সদস্য বিনা বিচারে কারাগারে সময় কাটিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ছয় বছর অন্তরীণ ছিলেন। বিচার, খাবার ও চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার মতো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দেশকে যেতে হয়েছে।
স্পিকার আরও বলেন, অতীতের অনেক সংসদে তুমুল বাকবিতণ্ডা, গালাগালি ও অশালীন কথাবার্তা হয়েছে। এমনকি বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করেও অত্যন্ত আপত্তিকর মন্তব্য করা হয়েছে। অতীতের এসব রাজনৈতিক সংস্কৃতি পেছনে ফেলে একটি মর্যাদাপূর্ণ সংসদ গড়ে তুলতে চান তাঁরা।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সংসদের প্রত্যেক সদস্যের দায়িত্ব রয়েছে। ট্রেজারি বেঞ্চ, বিরোধী দল ও স্বতন্ত্র সদস্য, সবারই সংসদের মর্যাদা রক্ষায় ভূমিকা রাখতে হবে। জনগণ তাঁদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি বলেন, কোনো সদস্যের বক্তব্যে আপত্তিকর শব্দ থাকলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে। অন্য সদস্যদের জবাব দেওয়ার প্রয়োজন হলে তাঁদেরও সেই সুযোগ দেওয়া হবে।
সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার আরও বলেন, পরমতসহিষ্ণুতা ও ধৈর্য বাড়াতে হবে। অন্যের বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে হবে। বাক্স্বাধীনতার প্রতি সম্মান রেখে কোনো সদস্যের মানসম্মান ক্ষুণ্ন হয়, এমন আচরণ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।