প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম (ভিজিট : ৩৮)

সংগৃহীত ছবি
সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে তিনি এসব কথা জানান। এ সময় মাদক চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটার এলাকায় বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার কথাও তুলে ধরেন মন্ত্রী।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপি। তিনি মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশ করেন।
কমিটির সদস্য হুইপ রকিবুল ইসলাম বলেন, উন্নত দেশগুলোর মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ড্রোন নজরদারির কার্যকর ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
অপর সদস্য হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সবার আগে প্রয়োজন সামাজিক বিপ্লব। এটি শুধু কোনো মন্ত্রণালয় বা একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নয়; বরং সমন্বিত জাতীয় উদ্যোগের বিষয়।
বৈঠকে মাদকসংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করা এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
এ ছাড়া দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও চোরাচালানের রুট চিহ্নিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মাদক পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি, অভিযান এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য কামরুজ্জামান, মনোয়ার হোসেন ও শিরীন সুলতানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।