
সংগৃহীত ছবি
গোপালগঞ্জ জেলা শহরে দিনভর বিক্ষোভ, মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে শহরের বিভিন্ন এলাকায় মিছিল ও বিক্ষোভ করেন তাঁরা। মিছিল চলাকালে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তাঁদের ভাষ্য, সকাল ১১টার পর সদর উপজেলার আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী জেলা শহরে প্রবেশ করেন। শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হওয়ার পর দুপুর ১২টার দিকে লগি-বৈঠা নিয়ে একযোগে মিছিল বের করেন তাঁরা।
মিছিলটি শহরের লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা প্রদক্ষিণ করে। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন। এ সময় আওয়ামী লীগ ও দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন তাঁরা। মিছিলে উল্লেখযোগ্যসংখ্যক নারী কর্মীকেও অংশ নিতে দেখা যায়।
এ সময় বিক্ষোভকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বরের’ নাম পরিবর্তন করে পূর্বের ‘জয় বাংলা চত্বর’ নামফলক পুনঃস্থাপন করেন।
অন্যদিকে, ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকেও সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে মিছিল বের করা হয়। পরে মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে একত্রিত হয়ে ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যায়। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা কার্যালয়টি খুলে সেখানে উল্লাস করেন নেতাকর্মীরা।
নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের কর্মসূচির কারণে সকাল ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে যান চলাচল বন্ধ থাকে। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতি থাকলেও তাঁদের তেমন তৎপরতা দেখা যায়নি।
এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। জেলা পুলিশের তিনজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বললেও তাঁরা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এদিকে শনিবার রাত ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একপর্যায়ে তাঁরা নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। একই রাতে বর্ণি বাজারে যুবদলের কার্যালয়েও ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এসব ঘটনার পর কুশলী ইউনিয়নের খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত পাটগাতী-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করেন দুর্বৃত্তরা। এতে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনার মধ্যেই রোববার জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
রোববার উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে একই পদে ফেনীতে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।