সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩

শিরোনাম: গোপালগঞ্জে আওয়ামী লীগের দিনভর তাণ্ডব, ভাঙচুর-অগ্নিসংযোগের পর পুলিশ সুপার বদলি   আমির হামজার প্রশ্ন উত্থাপন ঘিরে সংসদে হইচই, ক্ষোভ জামায়াতের এমপির   টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম   জিয়াউল আহসানকে ভবিষ্যতে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া হবে না: আইনমন্ত্রী   রাবাদার জোড়া আঘাতের পর হৃদয়-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ   বিনা খরচে মালয়েশিয়া যাবেন এক হাজার জুলাই যোদ্ধা: প্রবাসী কল্যাণমন্ত্রী   সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের তিনটি পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী   
ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতিতে ৪ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:১২ পিএম   (ভিজিট : ৭১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের নির্ধারিত সীমা অতিক্রম করে জালিয়াতির মাধ্যমে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে আত্মসাৎ করা নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি প্রতারণায় ব্যবহৃত দুটি স্মার্টফোন, সাতটি এটিএম কার্ড ও তিনটি চেক বই জব্দ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এর আগে পার্শ্ববর্তী জেলা বগুড়ার বিভিন্ন এলাকায় টানা অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তাঁর স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশিকে (২৮) গ্রেপ্তার করে সদর থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

পুলিশ জানায়, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের বুথের মাধ্যমে পাঁচটি ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করেন অভিযুক্ত দম্পতি।

গ্রেপ্তার শহিদুল ইসলাম রিপন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার আবুল হাসানের ছেলে। তিনি ইসলামী ব্যাংকের নওগাঁ শাখার একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক ছিলেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ২০১৫ সালে শহিদুল ইসলামের চলতি হিসাবের বিপরীতে এক লাখ টাকা সীমার একটি ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করে ইসলামী ব্যাংকের নওগাঁ শাখা। সম্প্রতি ওই কার্ড এবং পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে পাঁচটি ব্যাংক হিসাবে ধারাবাহিকভাবে অননুমোদিত অর্থ স্থানান্তর করেন তিনি।

প্রাথমিকভাবে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম স্থানান্তর করা হলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে আড়াই লাখ টাকা পর্যন্ত করা হয়। গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে ব্যাংকটির মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

পুলিশ সুপার আরও জানান, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. ফয়জুল ইসলাম (৪৪) নওগাঁ সদর মডেল থানায় এ ঘটনায় মামলা দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। পরে পুলিশের একটি বিশেষ দল টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে।

তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় বাসার শয়নকক্ষের একটি আলমারিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া সাতটি এটিএম কার্ড, তিনটি চেক বই ও দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি প্রতারণা ও জালিয়াতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের দাবি, আত্মসাৎ করা অর্থের মধ্যে প্রায় দেড় কোটি টাকা দিয়ে বগুড়ায় জমি কিনেছেন। বাকি অর্থ ব্যয় করেছেন বিলাসী জীবনযাপনে।

এ ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ কোনো চক্র কিংবা অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]