
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের বন্দরে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার আগমনকে কেন্দ্র করে স্থানীয় আলেম-ওলামা, মসজিদ কমিটি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে এলাকায় পক্ষে-বিপক্ষে অবস্থান তৈরি হয়েছে। একদিকে মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছে, অন্যদিকে তার আগমন যে কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলাম, চরমোনাইপন্থী ও বিএনপির নেতারা।
আগামী ১৬ নভেম্বর বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা এলাকার পৌর মাঠে ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’র উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে।
তার আগমন প্রতিহতের বিষয়ে শনিবার (১৪ নভেম্বর) বন্দরের লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদ, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্থানীয় বিএনপির নেতারা অংশ নেন। বৈঠক থেকে যে কোনো মূল্যে আমির হামজার আগমন ঠেকানোর ঘোষণা দেওয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী বলেন, ‘আমরা মাহফিলের বিপক্ষে নই, মাহফিল সুন্দরভাবে হোক সেটাই চাই। তবে কোনো বিতর্কিত বক্তাকে আমরা মেনে নেব না। প্রশাসন যেন বিষয়টি খতিয়ে দেখে।’
তিনি আরও বলেন, ‘এলাকার পরিবেশ নষ্ট হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে। তিনি বিতর্কিত রাজনৈতিক বক্তব্য দেবেন। এ জন্য এলাকার শান্তি বিনষ্ট হোক, এটা আমরা হতে দিতে পারি না।’
হেফাজত নেতা হাফেজ কবির হোসাইন অভিযোগ করেন, মাহফিলের পোস্টারে অতিথি হিসেবে যাদের নাম ছাপানো হয়েছে, তাঁদের অনেকেরই অনুমতি নেওয়া হয়নি। তিনি বলেন, ‘না জানিয়ে নাম ব্যবহার করা ইসলাম কতটুকু সমর্থন করে, আয়োজকদের কাছে আমার এই প্রশ্ন রইল।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা জহিরুল ইসলাম বলেন, ‘মুফতি আমির হামজা একজন বিতর্কিত বক্তা। চরমোনাই পীর সাহেবকে নিয়ে তিনি বিরূপ মন্তব্য করেছেন। বন্দরে তাকে আসতে দেওয়া হবে না, আমরা প্রতিহত করব।’
স্থানীয় বিএনপির সভাপতি মো. ফারুক বলেন, আমির হামজার আগমনকে কেন্দ্র করে লক্ষণখোলা মাঠ ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আয়োজকেরা অনেক বিশিষ্ট ব্যক্তির অনুমতি ছাড়াই মাহফিলের পোস্টারে তাঁদের নাম ব্যবহার করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, আয়োজক কমিটির পক্ষে মাওলানা আবু আবদুল্লাহ জানান, স্থানীয় পুলিশ ও প্রশাসনের অনুমতি নিয়েই মাহফিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই।
তিনি বলেন, এ বিষয়ে নারায়ণগঞ্জ ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সঙ্গে আলোচনা হয়েছে এবং তাঁরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যারা বিরোধিতা করছেন, তাঁরা হয়তো রাজনৈতিক চাপের কারণে এমন অবস্থান নিয়েছেন।
এ বিষয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মিজানূর রহমান জানান, মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে আয়োজকদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।