প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম (ভিজিট : ৬৪)

সংগৃহীত ছবি
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর সরকারি উদ্যোগের আওতায় এক হাজার জুলাই যোদ্ধাকে বিনামূল্যে দেশটিতে পাঠানো হবে। আহত, গুম ও পঙ্গুত্বের শিকার জুলাই যোদ্ধাদের মধ্য থেকে তাঁদের নির্বাচন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
প্রশ্নে আতাউর রহমান তাঁর নির্বাচনী এলাকার নড়াইল সদর উপজেলার আংশিক ও লোহাগড়া উপজেলায় কর্মক্ষম বেকার যুবক-যুবতীর সংখ্যা এবং গত তিন বছরে জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে সৃষ্ট নতুন কর্মসংস্থানের তথ্য জানতে চান।
পাশাপাশি স্থানীয় পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্র শিল্প স্থাপন, দক্ষতা উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কোনো বিশেষ কর্মসূচি রয়েছে কি না, থাকলে এর বরাদ্দ, উপকারভোগীর সংখ্যা ও বাস্তবায়নের সময়সীমা সম্পর্কেও জানতে চান তিনি।
জবাবে মন্ত্রী বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সরাসরি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করছে না। তবে সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে চাকরিপ্রত্যাশী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি এবং কর্মসংস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১০ হাজার কর্মী। তাঁদের মধ্যে আহত, গুম ও পঙ্গুত্বের শিকার এক হাজার জুলাই যোদ্ধাও থাকবেন।