
সংগৃহীত ছবি
গুম ও খুনের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে হাজির করার ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেন তিনি।
জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে আদালত প্রাঙ্গণে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।
রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
তিনি বলেন, গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত জিয়াউল আহসানের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। গত বৃহস্পতিবার তাঁকে জেরার জন্য আদালতে নেওয়ার সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তাঁর অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। অন্যদিকে, দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের আচরণ দেখে মনে হয়েছে, তাঁরা তাঁকে প্রটোকল দিচ্ছেন।
লুনা আরও বলেন, গুরুতর অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তিকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়াই আদালতে নেওয়া হয়েছে। এমনকি তিনি হাতকড়া পরতে অস্বীকৃতি জানালেও তাঁকে তা পরানো হয়নি।
এ ঘটনায় নিজের মর্মাহত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, তাঁর মতো আরও অনেক ভুক্তভোগী পরিবার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ও আতঙ্কিত। সরকার কি জিয়াউল আহসানের প্রতি বিশেষ মানবিকতা দেখাচ্ছে, নাকি তাঁকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে আইনমন্ত্রীর কাছে সেই ব্যাখ্যা চান তিনি।
এ সময় স্পিকার বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের আওতাভুক্ত নয়। তবে গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপিত হওয়ায় আইনমন্ত্রী চাইলে এর জবাব দিতে পারেন, অথবা এ বিষয়ে নোটিশ দেওয়ার সুযোগ রয়েছে।
জবাবে আইনমন্ত্রী বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। তবে কোনো আসামিকে আদালতে নেওয়ার প্রক্রিয়া আইনমন্ত্রীর এখতিয়ারভুক্ত নয়। তারপরও বিষয়টি সরকারের নজরে আসার পর পরবর্তী সময়ে জিয়াউল আহসানকে আদালতে নেওয়ার ক্ষেত্রে একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে নেওয়া প্রয়োজন, সেভাবেই নেওয়া হয়েছে। ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সরকার নিশ্চয়তা দিচ্ছে।
আইনমন্ত্রী আরও বলেন, বিচারপ্রক্রিয়া যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। সরকার কোনো ফরমায়েশি রায় চায় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব আসামিকে হাজির করা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে থাকা সব সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র আদালতে উপস্থাপন করা হচ্ছে। ন্যায়বিচারের মানদণ্ড অনুসরণ করেই বিচারকাজ পরিচালিত হচ্ছে।