
সংগৃহীত ছবি
বলিউড সুপারস্টার শাহরুখ খানের প্রাসাদতুল্য বাড়ি ‘মান্নাত’-এর নামফলক থেকে শুরু করে অন্দরসজ্জার প্রতিটি বিষয় দেখভাল করেন তাঁর স্ত্রী গৌরী খান। পর্দায় দাপুটে চরিত্রে অভিনয় করলেও নিজের বাড়িতে তাঁর মতামতের তেমন গুরুত্ব নেই বলে মজার ছলে জানিয়েছেন অভিনেতা নিজেই।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ের একটি অনুষ্ঠানে সঞ্চালক করণ জোহরের প্রশ্নের জবাবে নিজের পারিবারিক জীবন ও ‘মান্নাত’-এর অন্দরমহল নিয়ে কথা বলেন শাহরুখ। অনুষ্ঠানে দর্শক সারিতে উপস্থিত ছিলেন গৌরী খানও।
মুম্বাইয়ের বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডের প্রায় শেষ প্রান্তে অবস্থিত শাহরুখের বাড়ি ‘মান্নাত’। বলিউডের এই সুপারস্টারকে একনজর দেখতে প্রতিদিনই বাড়িটির সামনে ভিড় করেন অসংখ্য ভক্ত। বিশেষ করে শাহরুখের জন্মদিন ও ঈদে বাড়ির ছাদে দাঁড়িয়ে ভক্তদের শুভেচ্ছা জানান তিনি।
অনুষ্ঠানে করণ জোহর জানতে চান, নিজের বাড়িতে এমন কোনো কাজ আছে কি না, যা করার অনুমতি শাহরুখের নেই।
জবাবে অভিনেতা বলেন, বাড়ির সব সিদ্ধান্তই নেন গৌরী। বাড়ির সাজসজ্জা থেকে শুরু করে খাবারদাবার—কোনো বিষয়েই নিজের মতামত দেওয়ার সুযোগ পান না তিনি।
শাহরুখের ভাষায়, ‘বাড়ি গৌরীর এলাকা। সেখানে ওয়াইফাই, খাবার, রং, সাজসজ্জা, আলো, ঝাড়বাতি, লিফট ও আসবাবপত্র নিয়ে কথা বলা আমার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। বিছানায় বসে আমাদের খাওয়ার অনুমতি নেই। দেয়ালে ছবি ঝুলবে কি না, সে বিষয়েও কথা বলতে পারি না। আসলে গৌরীর সিদ্ধান্ত বা পছন্দের বাইরে আমরা কিছুই বলতে পারি না।’
শুধু তিনি নন, সন্তান আরিয়ান ও সুহানার ক্ষেত্রেও একই নিয়ম বলে জানান শাহরুখ।
হাস্যরসের সুরে অভিনেতা বলেন, ‘আমরা চুপচাপ বসে বাড়িটা উপভোগ করি আর গৌরীকে বলি, তুমি কী সুন্দর বাড়ি বানিয়েছ! বাড়ির বাইরে অবশ্য আমি, আরিয়ান ও সুহানা নিজেদের মতো আনন্দ করি। কিন্তু বাড়ির ভেতরে আমাদের কোনো কথাই চলে না।’
দুবাইয়ে নিজের নতুন পেন্টহাউস নিয়েও একই ধরনের মন্তব্য করেন শাহরুখ। তিনি বলেন, সেখানেও বাড়ির ভেতরে ঢুকলে তাঁকে গৌরীর প্রশংসা করেই সন্তুষ্ট থাকতে হয়। তাঁর কথায়, ‘গৌরী, তুমি কী সুন্দর পেন্টহাউস বানিয়েছ!’ তবে বাড়ির ভেতরে প্রবেশের পর তাঁদের আর কোনো স্বাধীনতা থাকে না।
শাহরুখের এমন মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরা হাসিতে ফেটে পড়েন।
একপর্যায়ে করণ জোহর তাঁকে প্রশ্ন করেন, ব্যবসা, বক্স অফিস নাকি স্ত্রী, কাকে বেশি ভয় পান তিনি?
জবাবে নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর সংলাপের আদলে আত্মবিশ্বাসী ভঙ্গিতে শাহরুখ বলেন, ‘হাজারো দেশে বদনাম, আর সারা বিশ্ব আমাকে একটাই নামে চেনে। জানেন কেন? কারণ, আমি ভয় নই, আমি ত্রাস।’
প্রায় তিন বছর পর ‘কিং’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর মেয়ে সুহানা খানের।
সিনেমাটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন ও অভয় বর্মা। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।