দীপাবলির উৎসবে বলিউড তারকাদের বাহারি পোশাক ও সাজসজ্জার মধ্যে আলাদা করে নজর কেড়েছেন অভিনেত্রী কারিনা কাপুর খান। তবে এবার তাঁর সাজের মূল আকর্ষণ ছিল না পোশাক, বরং নবাব পরিবারের কয়েক প্রজন্মের ইতিহাস ও ঐতিহ্য বহনকারী দুর্লভ সব গয়না। মাথায় প্রায় ২০০ বছরের পুরোনো হীরাখচিত অলংকার আর গলায় ৩০ ক্যারেটের পান্না- কারিনার রাজকীয় সাজ এখন ফ্যাশন অঙ্গনে আলোচনার বিষয়।
ভারতীয় ফ্যাশন সাময়িকী ‘ভোগ ইন্ডিয়া’র এক প্রতিবেদনে উঠে এসেছে কারিনার দীপাবলির সাজের নানা খুঁটিনাটি। এবারের উৎসবে তিনি পরেছিলেন জয়পুরের ডিজাইনার পুনিত বালানার নকশা করা বেইজ রঙের লম্বা পোশাক। রাজস্থানের ঐতিহ্যবাহী গোটাপট্টি বা লাপ্পে কা কামে তৈরি পোশাকটিতে ব্যবহার করা হয়েছে রুপার সরু ফিতা দিয়ে তৈরি সূক্ষ্ম নকশা। সম্পূর্ণ হাতে তৈরি এই কারুকাজ পোশাকটিতে যোগ করেছে বিশেষ আভিজাত্য।
পোশাকের সঙ্গে কারিনা মাথায় জড়িয়েছিলেন পাগড়ি। আর সেখানেই ছিল তাঁর সাজের অন্যতম বিশেষ আকর্ষণ- সাইফ আলী খানের পরিবারের সংগ্রহে থাকা প্রায় ২০০ বছরের পুরোনো কালগি বা সরপেঁচ। তিন শাখাবিশিষ্ট এই হীরাখচিত অলংকারটি একসময় ভোপালের নবাবের সম্পত্তি ছিল। ২০১২ সালে কারিনার সঙ্গে বিয়ের সময় নিজের বিয়ের পোশাকের অংশ হিসেবেও অলংকারটি পরেছিলেন সাইফ আলী খান।
তবে গলার গয়নাটিও ছিল ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ। কারিনার গলায় ছিল চোকার ধরনের নেকলেসের সঙ্গে হীরাখচিত একটি চেইন। চেইনটিতে বসানো রয়েছে ৩০ ক্যারেটের একটি পান্না। আরও বিশেষ বিষয় হলো, পান্নাটির গায়ে খোদাই করা রয়েছে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি।
এই মূল্যবান অলংকারটি একসময় সাইফ আলী খানের দাদি সাজিদা সুলতানের ছিল। তিনি ছিলেন ভোপালের শেষ নবাব মুহাম্মদ হামিদুল্লাহ খানের কন্যা। পরবর্তী সময়ে পারিবারিক উত্তরাধিকার সূত্রে গয়নাটি আসে সাইফ আলী খানের কাছে।
সব মিলিয়ে কারিনার এবারের দীপাবলির সাজে আধুনিক ফ্যাশনের সঙ্গে মিশেছে নবাব পরিবারের শতবর্ষী ঐতিহ্য। বাহারি পোশাকের পাশাপাশি কয়েক প্রজন্ম ধরে সংরক্ষিত দুর্লভ গয়নাগুলোর ঐতিহাসিক মূল্য ও আভিজাত্যই তাঁকে উৎসবের তারকাদের মধ্যে বিশেষভাবে আলোচনায় এনেছে।