
সংগৃহীত ছবি
বাংলা নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু। প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া এই অভিনেতা দীর্ঘদিন ধরে পরিবারসহ যুক্তরাজ্যে বসবাস করছেন। তবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে ১৭ দিনের জন্য বাংলাদেশে এসেছিলেন তিনি। দেশে ফেরার সেই সময়ের ভয়, উদ্বেগ ও নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা।
নিজের পোস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের পরিস্থিতি, সহকর্মীদের অনুরোধে দেশে ফেরা এবং শুটিং চলাকালে ঘটে যাওয়া নানা ঘটনা তুলে ধরেছেন স্বাধীন খসরু।
অভিনেতা জানান, ২০২৪ সালের অক্টোবর থেকে একটি বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে বিকাশের বিজ্ঞাপন নির্মাণ নিয়ে আলোচনা চলছিল। পরে এই কাজে যুক্ত হয় নুহাশ হুমায়ূনের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ‘লং স্টোরি’। হুমায়ূন আহমেদের জনপ্রিয় সৃষ্টি ‘তারা তিনজন’-এর তিন চরিত্র- ফারুক আহমেদ, ডা. এজাজ আহমেদ ও স্বাধীন খসরুকে নিয়ে বিজ্ঞাপনটি নির্মাণের পরিকল্পনা করা হয়।
তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে তাঁকে ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়া হয়েছিল বলে জানান স্বাধীন খসরু। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তাঁর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনাও ঘটেছিল। এসব কারণে দেশে ফিরলে বিমানবন্দরে গ্রেপ্তার হওয়া কিংবা জনরোষের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল তাঁর মধ্যে। পরিবার ও শুভাকাঙ্ক্ষীরাও তাঁকে দেশে ফিরতে নিষেধ করেছিলেন।
এতসব শঙ্কার মধ্যেও শেষ পর্যন্ত বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন তিনি। এর পেছনে নির্মাতা নুহাশ হুমায়ূন, ফারুক আহমেদ ও ডা. এজাজের অনুরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নুহাশের দেওয়া নিরাপত্তার আশ্বাসও তাঁকে সিদ্ধান্ত নিতে সাহস জোগায়। হুমায়ূন আহমেদের সঙ্গে কাজের সুবাদে ছোটবেলা থেকেই নুহাশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক। সেই স্নেহ ও স্মৃতির টানেই ঝুঁকি নিয়ে দেশে ফেরেন অভিনেতা।
গত বছরের ৭ ফেব্রুয়ারি লন্ডন থেকে রওনা হয়ে ৮ ফেব্রুয়ারি ভোরে ঢাকায় পৌঁছান স্বাধীন খসরু। বন্ধুদের সহযোগিতায় গোপনীয়তা বজায় রেখে বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এরপর গাজীপুর ও জয়দেবপুরসহ বিভিন্ন স্থানে টানা পাঁচ দিন ফারুক আহমেদ ও ডা. এজাজকে সঙ্গে নিয়ে বিজ্ঞাপনটির শুটিং করেন।
১৩ ফেব্রুয়ারি শুটিং শেষ করে তিনি চলে যান নুহাশ পল্লীতে। সেখানে হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত ‘আয়না ঘর’-এ অবস্থান করেন। প্রতিদিন নিয়ম করে হুমায়ূনের কবরের পাশে সময় কাটাতেন তিনি। নুহাশ পল্লীর কর্মীদের আতিথেয়তায় মুগ্ধ হলেও দর্শনার্থীদের ভিড় এবং বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি তাঁর উদ্বেগ বাড়িয়ে দিয়েছিল।
পরে পাবনার ঈশ্বরদীর পাকশীতে ফুরফুরা দরবার শরিফের বার্ষিক ওরসে অংশ নেন এই অভিনেতা। ঢাকায় ফিরে ১৯ ফেব্রুয়ারি একটি ফটোশুটেও অংশ নেন। নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকায় অবস্থানকালে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বন্ধুর ক্যান্টনমেন্টের বাসায় ছিলেন তিনি।
তবে ১৯ ফেব্রুয়ারিই নতুন করে বিপাকে পড়েন অভিনেতা। বাংলাদেশ-ভারত এশিয়া কাপের ম্যাচ চলাকালে টেলিভিশনে স্পন্সর হিসেবে বারবার প্রচারিত হতে থাকে বিকাশের সেই বিজ্ঞাপন। পাশাপাশি বিভিন্ন বিলবোর্ড ও আউটলেটেও বিজ্ঞাপনটি ছড়িয়ে পড়ে। এর ফলে দেশে তাঁর উপস্থিতির বিষয়টি আর গোপন থাকেনি।
এর মধ্যেই লন্ডনে পরিবারের মাধ্যমে জানতে পারেন, ঢাকায় তাঁর বাসায় পুলিশ খোঁজ নিতে গেছে। অথচ নুহাশ হুমায়ূনের সঙ্গে তাঁর আগে থেকেই কথা ছিল, দেশে আসার বিষয়টি কোনোভাবেই গণমাধ্যমে প্রকাশ করা হবে না। কিন্তু বিজ্ঞাপনটির ব্যাপক প্রচারের কারণে সেই গোপনীয়তা আর বজায় রাখা সম্ভব হয়নি।
এরপর দেশে অবস্থানের বাকি দিনগুলো বন্ধুর ক্যান্টনমেন্টের বাসাতেই কাটান স্বাধীন খসরু। অবশেষে ২৩ ফেব্রুয়ারি রাতে নানা উদ্বেগ ও উৎকণ্ঠা নিয়ে লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। বিমানবন্দরে পৌঁছানোর আগমুহূর্ত পর্যন্ত তাঁর মনে ভয় কাজ করছিল বলে পোস্টে উল্লেখ করেন অভিনেতা।
দেশ ছাড়ার মুহূর্তের অনুভূতি জানিয়ে স্বাধীন খসরু লেখেন, ‘বিমান যখন ঢাকার আকাশে, চোখ বন্ধ করে মনে মনে বললাম ভালো থেকো বাংলাদেশ। বেঁচে থাকলে, আবার দেখা হবে ইনশাআল্লাহ।
এক আবশ্যক "কালচারাল ফ্যাসিস্ট" এর পলায়ন!’
পোস্টের শেষে সহকর্মী ফারুক আহমেদ, ডা. এজাজ আহমেদ ও নির্মাতা নুহাশ হুমায়ূনের সঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্তের একটি ছবিও প্রকাশ করেন এই অভিনেতা।