প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৪৫ এএম (ভিজিট : ১০২)

সংগৃহীত ছবি
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ তুলেছেন এনসিপির নেতারা।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একতলা টিনশেড বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। এ ছাড়া আগুনে দুটি ছাগল মারা গেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, যে ঘরটিতে আগুন লেগেছিল, সেটি গরু রাখার ঘর হিসেবে ব্যবহৃত হতো। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রতিবেশীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
এদিকে, ঘটনার পর রাতে এনসিপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অভিযোগ করা হয়, দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য নুসরাত তাবাসসুমের দৌলতপুরের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
এ বিষয়ে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত বলেন, তাঁদের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ হামলার সঙ্গে জড়িত।
ঘটনার বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, নুসরাত তাবাসসুমের মা-বাবা পৈতৃক বাড়ি থেকে ২০ থেকে ৩০ হাত দূরে অবস্থিত একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় বসবাস করেন। ওই ভবনে আগুন লাগেনি। এ ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কোনো সদস্য হতাহত বা দগ্ধ হননি।