
সংগৃহীত ছবি
দেশে যেন পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে শিল্পী, লেখক ও কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্ম পরিচালক, লেখক, শিল্পী ও কলাকুশলী কল্যাণ ট্রাস্ট বাস্তবায়ন প্রস্তুতি কমিটির সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত শিল্পী ও কলাকুশলীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশে ফ্যাসিবাদ যাতে আর ফিরে আসতে না পারে, সে বিষয়ে শিল্পী, লেখক ও কলাকুশলীদের সচেতন ও সোচ্চার ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, ফ্যাসিবাদ ফিরে এলে দেশের গণতন্ত্র আবারও বাধাগ্রস্ত হবে। গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য যারা প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের সঙ্গে বেইমানি করা হবে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন ও সম্পৃক্ত করতে হবে।
টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মের পরিচালক, লেখক, শিল্পী ও কলাকুশলীদের কল্যাণে ট্রাস্ট গঠনের দাবির বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, ট্রাস্ট গঠনের প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তবে ট্রাস্টটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নাকি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে গঠন করা হবে, তা নিয়ে আলোচনা প্রয়োজন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি উদ্যোগে কোনো কল্যাণ ট্রাস্ট গঠন করা হলে বিদ্যমান সরকারি ট্রাস্টগুলোর নীতিমালা ও নিয়মকানুন অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিক কল্যাণ ট্রাস্টসহ অন্যান্য কল্যাণমূলক প্রতিষ্ঠানের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। ট্রাস্টের কাঠামো ও পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রেও সরকারি নীতিমালা মানতে হবে।
তিনি জানান, ট্রাস্ট গঠনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। উদ্যোগটি বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি সংস্কৃতি মন্ত্রণালয়েরও সম্পৃক্ততা প্রয়োজন হতে পারে। আলোচনার মাধ্যমে ট্রাস্টের অধীনস্থ মন্ত্রণালয় নির্ধারণ করা হবে।
দাবি বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, একদিনে সবকিছু বাস্তবায়ন সম্ভব নয়। তবে সরকার দ্রুত কার্যক্রম শুরু করতে চায়। যত কম সময়ের মধ্যে ট্রাস্ট গঠনের উদ্যোগ সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে কাজ করা হবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা করবেন তিনি।