প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম (ভিজিট : ৩৫)

সংগৃহীত ছবি
চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারতের পরামর্শকে ‘উদ্ভট’ বলে প্রত্যাখ্যান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, শেখ হাসিনা ভারতের আশ্রয়-প্রশ্রয়ে রয়েছেন। বিচার চলাকালে কিংবা নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে বাংলাদেশে এসে বিচার মোকাবিলা অথবা আপিল করার পরামর্শ দেওয়া হয়নি। অথচ নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর এখন পুনর্বিচারের যে উদ্ভট বক্তব্য দেওয়া হচ্ছে, তা তাঁরা প্রত্যাখ্যান করছেন।
রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ শেখ হাসিনার পুনর্বিচার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে ভারতের পক্ষ থেকে তাঁর পুনর্বিচারের প্রসঙ্গ তুলে ধরা হয়।
এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, একবার বিচার সম্পন্ন হওয়ার পর পুনরায় বিচার বা ‘ডি নভো ট্রায়াল’-এর বিধান একসময় ভারত, পাকিস্তান ও বাংলাদেশে থাকলেও ভারত নিজেই তাদের আইন থেকে এটি বাতিল করেছে। বাংলাদেশেও এ বিধান বাতিল করা হয়েছে এবং পাকিস্তানেও এর প্রচলন নেই। যে দেশ নিজেরাই এ ধরনের বিচারব্যবস্থা অনুসরণ করে না, তারা কীভাবে অন্য একটি দেশকে এমন পরামর্শ দেয়?
১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং ২০১০ সালের রুলস অব প্রসিডিউর আওয়ামী লীগ সরকারই প্রণয়ন করেছিল উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, বর্তমান সরকার এসব আইন পরিবর্তন করেনি। প্রচলিত আইনে আপিলের সুযোগ রয়েছে, তবে পুনর্বিচারের কোনো বিধান নেই।
তিনি আরও বলেন, আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকার, ট্রাইব্যুনাল কিংবা তাঁর নিজেরও নেই।