
সংগৃহীত ছবি
সমুদ্রের ঢেউ, ঝাউবনের ছায়া আর রাতের আকাশভরা তারার সৌন্দর্য পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে কক্সবাজারে শুরু হতে যাচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল। দিনের পাশাপাশি সন্ধ্যা ও রাতেও পর্যটকদের বিনোদনের সুযোগ বাড়াতে সৈকতসংলগ্ন ঝাউবাগানের ৩৫ একর এলাকাজুড়ে ২৪ ঘণ্টাব্যাপী এ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ কার্নিভালে থাকছে প্রায় ১৬টি ভিন্নধর্মী জোন। এর মধ্যে রয়েছে ফুড জোন, মার্কেটপ্লেস, ক্রাফট ভিলেজ, ওয়েলনেস, কিডস জোন ও ক্যাম্পিং। পাশাপাশি আন্তর্জাতিক মানের বালুর ভাস্কর্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, ওপেন-এয়ার মুভি থিয়েটার, গো-কার্টিং, কায়াকিং ও বিচ স্পোর্টসের ব্যবস্থা থাকবে। সকালে যোগব্যায়াম থেকে শুরু করে রাতে সংগীতানুষ্ঠান ও ক্যাম্পফায়ার সব বয়সী পর্যটকদের জন্যই থাকছে নানা আয়োজন।
আয়োজকদের প্রত্যাশা, এই কার্নিভাল কক্সবাজারের পর্যটন অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে সন্ধ্যার পর বিনোদনের সীমিত সুযোগের ঘাটতি পূরণের পাশাপাশি পর্যটকদের অবস্থানের সময় বাড়বে। এতে স্থানীয় ব্যবসা, কর্মসংস্থান ও পর্যটন অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
স্পেল বাউন্ড কমিউনিকেশন লিমিটেডের প্রজেক্ট অ্যান্ড বিজনেস ইন্টিগ্রেশনের লিড আহমেদ সুপ্রতিম বলেন, সাধারণত পর্যটকেরা কক্সবাজারে এসে দুই থেকে তিন দিন অবস্থান করেন। এ সময় তাঁরা সমুদ্র উপভোগ, খাওয়াদাওয়া শেষে ফিরে যান। কিন্তু সন্ধ্যার পর পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা না থাকায় তাঁদের বাড়তি কার্যক্রমের সুযোগ সীমিত থাকে।
তিনি বলেন, ‘কক্সবাজারকে বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয়। তাই এখানে দিন-রাত পর্যটকদের জন্য নানা ধরনের বিনোদন ও কার্যক্রম থাকা প্রয়োজন। শুধু সমুদ্র উপভোগের মধ্যে পর্যটনকে সীমাবদ্ধ রাখলে এ খাতের কাঙ্ক্ষিত বিকাশ সম্ভব নয়। এ লক্ষ্য সামনে রেখেই কার্নিভালের আয়োজন করা হয়েছে। এর প্রতিপাদ্য ‘ফ্যামিলি ফান উইথ সান, সি অ্যান্ড স্টারস’।’
আহমেদ সুপ্রতিম জানান, পরিবারের সব সদস্যের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থা রাখা হচ্ছে। শিশুদের জন্য থাকবে কিডস জোন, সকালে যোগব্যায়ামের জন্য ওয়েলনেস সেন্টার, পাশাপাশি ফুড জোন, মার্কেটপ্লেস ও ওপেন-এয়ার মুভি থিয়েটার। প্রতিদিন সন্ধ্যায় দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
১৫ থেকে ২০টি বালুর ভাস্কর্য
কার্নিভালের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে আন্তর্জাতিক শিল্পীদের তৈরি বালুর ভাস্কর্য। হাতি, ইলিশ, জেলেদের জীবন, সুন্দরবনসহ বাংলাদেশের প্রকৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রার নানা চিত্র ফুটিয়ে তোলা হবে এসব শিল্পকর্মে। এ জন্য যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস থেকে এসেছেন আন্তর্জাতিক বালুশিল্পীরা।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, সব মিলিয়ে ১৫ থেকে ২০টি ভাস্কর্য তৈরি করা হবে। এর মধ্যে থাকবে ষাটগম্বুজ মসজিদ, জাতীয় সংসদ ভবন, আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লার মতো ঐতিহাসিক স্থাপনার প্রতিকৃতি।
যুক্তরাজ্য থেকে আসা আন্তর্জাতিক বালুশিল্পী পল হগার্ড বলেন, বাংলাদেশে বালুর ভাস্কর্য তৈরি করতে পেরে তিনি আনন্দিত। প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে তিনি এ শিল্পের সঙ্গে যুক্ত। এ পর্যন্ত ২০০ থেকে ২৫০টি পূর্ণাঙ্গ হাতির বালুর ভাস্কর্য তৈরি করেছেন। কক্সবাজারে এসে হাতির ভাস্কর্য তৈরির সুযোগ তাঁর কাছে বিশেষ আনন্দের।
পল হগার্ডের মতে, কক্সবাজার পর্যটন কার্নিভাল একটি অসাধারণ উদ্যোগ। এখানে খাবার, সংস্কৃতি, শিল্পকলা ও সংগীতের চমৎকার সমন্বয় ঘটেছে। বাংলাদেশের মানুষের আতিথেয়তায় মুগ্ধ হওয়ার কথাও জানান তিনি। পরিবার ও প্রিয়জনদের নিয়ে সবাইকে কার্নিভালে আসার আমন্ত্রণ জানিয়েছেন এই শিল্পী।
নেদারল্যান্ডস থেকে আসা বালুশিল্পী রেমি হগার্ড বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো বালুর ভাস্কর্য তৈরি করতে পেরে তাঁরা আনন্দিত। এখানকার প্রকৃতি, প্রাণী ও মানুষের জীবনযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন ভাস্কর্য নির্মাণ করছেন তাঁরা। হাতির ভাস্কর্যের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী মাছ ধরার নৌকা ও একজন জেলের ইলিশ মাছ ধরার দৃশ্য তুলে ধরার প্রস্তুতিও চলছে।
বাংলাদেশের খাবার ও মানুষের আতিথেয়তার প্রশংসা করে রেমি বলেন, পরোটা, ভর্তা ও মাছের কাটলেট তাঁর বিশেষ পছন্দ হয়েছে। স্থানীয় মানুষের আন্তরিক অভ্যর্থনাও তাঁদের মুগ্ধ করেছে।
বাংলাদেশি বালুশিল্পী জীবন রায় বলেন, ২০১২ সালে বালুশিল্পের সঙ্গে তাঁর পথচলা শুরু। গত ১০ থেকে ১১ বছরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ৬০ থেকে ৭০টি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। কক্সবাজারে আন্তর্জাতিক মানের বালুর ভাস্কর্য তৈরির আয়োজন তাঁর সাত-আট বছরের স্বপ্নের বাস্তবায়ন।
তিনি জানান, বিদেশি দুই শিল্পী পল ও রেমির সঙ্গে তাঁর পরিচয় প্রায় ১০ থেকে ১১ বছরের। দীর্ঘদিনের পরিকল্পনা ও প্রচেষ্টার পর তাঁদের বাংলাদেশে নিয়ে আসা সম্ভব হয়েছে। এবার বালুর ভাস্কর্যের মাধ্যমে বাংলাদেশের গল্প, মানুষের জীবন ও ঐতিহ্য বিশ্বের সামনে তুলে ধরতে চান তাঁরা।
জীবন রায় আরও বলেন, শুধু ঐতিহাসিক স্থাপনা নয়, দেশের জীববৈচিত্র্য, প্রকৃতি, জেলেদের জীবন ও কৃষকদের জীবনসংগ্রামও ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হবে। এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের গল্প আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য।
ক্যাম্পিং ও রাতের বিনোদনে বিশেষ গুরুত্ব
বালুর ভাস্কর্যের পাশাপাশি কার্নিভালে থাকছে ক্যাম্পিং সাইট। আয়োজকদের মতে, বাংলাদেশের পর্যটন ও আবাসনব্যবস্থা অনেকটাই হোটেলকেন্দ্রিক। তাই প্রাকৃতিক পরিবেশে ক্যাম্পিংয়ের সুযোগ পর্যটকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা তৈরি করবে।
এ ছাড়া প্রায় তিন হাজার মানুষের একসঙ্গে বসে খাবার খাওয়ার ব্যবস্থা থাকবে। বিভিন্ন ফুড স্টল থেকে খাবার সংগ্রহ করে দর্শনার্থীরা নির্দিষ্ট স্থানে বসে খেতে পারবেন। পাশাপাশি গো-কার্টিং, কায়াকিং, বিচ স্পোর্টস, ক্যাম্পফায়ার এবং তারাভরা আকাশ উপভোগের সুযোগও থাকবে।
কার্নিভাল ২৪ ঘণ্টা খোলা রাখার পরিকল্পনার কথা জানিয়ে আহমেদ সুপ্রতিম বলেন, যারা সূর্যোদয় উপভোগ করতে চান, তাঁরা নিজেদের সুবিধামতো সময়ে এসে তা দেখতে পারবেন। একইভাবে সূর্যাস্ত ও রাতের সৌন্দর্য উপভোগের জন্যও পর্যাপ্ত আয়োজন থাকবে।
স্থানীয় উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ
বিনোদনের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা, কুটিরশিল্পী এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পণ্য প্রদর্শনের সুযোগও রাখা হচ্ছে। মার্কেটপ্লেস ও ক্রাফট ভিলেজে দেশীয় পণ্য এবং ঐতিহ্য তুলে ধরার ব্যবস্থা থাকবে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন হোটেল শৈবাল ও মোটেল লাবনীর ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ বলেন, কার্নিভালে হেলথ জোন, ইয়োগা জোনসহ প্রায় ১৬টি ভিন্নধর্মী জোন থাকবে। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি কুটিরশিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, যেসব উদ্যোক্তা তাঁদের পণ্য দেশি-বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরতে চান, তাঁদের জন্য কার্নিভাল একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সব মিলিয়ে এটি আকর্ষণীয় ও ব্যতিক্রমী আয়োজনে পরিণত হবে বলে তাঁরা আশা করছেন।
কক্সবাজার হোটেল মালিক সমিতির সহসভাপতি আবু তালেব শাহ বলেন, একটি পর্যটন নগরীতে পর্যটকদের দিন-রাত ২৪ ঘণ্টা বিনোদন ও আনন্দে সময় কাটানোর সুযোগ থাকা প্রয়োজন। সে বিবেচনায় সরকারি ব্যবস্থাপনায় তিন মাসব্যাপী এ কার্নিভালের আয়োজন ইতিবাচক উদ্যোগ।
তিনি বলেন, কক্সবাজারে সমুদ্রসৈকত ও কয়েকটি পর্যটনকেন্দ্র থাকলেও রাতের বিনোদনের ক্ষেত্রে বড় ধরনের সীমাবদ্ধতা রয়েছে। কার্নিভালের মাধ্যমে সেই ঘাটতি অনেকটাই পূরণ হবে। বিশেষ করে শীত মৌসুমে দিনের বেলায় বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘোরার পর রাতে পর্যটকেরা এখানে এসে ভিন্নধর্মী বিনোদন উপভোগ করতে পারবেন।
আবু তালেব শাহ মনে করেন, নিরাপত্তা নিশ্চিত করে প্রতিবছর এ ধরনের আয়োজন করা উচিত। এতে কক্সবাজারের পর্যটনশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
নিরাপত্তায় সিসিটিভি ও এআই প্রযুক্তির নজরদারি
৩৫ একর এলাকাজুড়ে আয়োজিত কার্নিভালে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। নিজস্ব প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী নিয়োগের পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে ফেস ডিটেকশনসহ আধুনিক নজরদারি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
আহমেদ সুপ্রতিম বলেন, বিদেশি পর্যটকদের জন্য নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এ ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করার চেষ্টা চলছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশন এ কার্নিভালের উদ্যোক্তা। বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে স্পেল বাউন্ড কমিউনিকেশন লিমিটেড।
আয়োজকদের আশা, তিন মাসব্যাপী এ আয়োজন কক্সবাজারে পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে। একই সঙ্গে রাতের পর্যটনকে আরও সক্রিয় করে স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।