প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:১৬ পিএম (ভিজিট : ১৬১)

সংগৃহীত ছবি
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের জনগণের বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘এটি এমন একটি বিষয়, যার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকেই নিতে হবে।’
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। তবে ভারতে অবস্থান করে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
এর আগে গত জুলাইয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
এর প্রায় চার মাস পর গত সপ্তাহে রয়টার্সের আরেক প্রতিবেদনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার তথ্য প্রকাশিত হয়।
এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শুরু থেকেই বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে আসছে ঢাকা।
অন্যদিকে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে একাধিকবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছেন সাংবাদিকেরা। প্রতিবারই বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের কথা জানিয়েছে নয়াদিল্লি।
এমন পরিস্থিতিতে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে।
জবাবে দেশটির মুখপাত্র এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের জনগণের ওপর ছেড়ে দেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যেতে চায়, যেন উভয় দেশের সম্পর্ক আরও শক্তিশালী হয় এবং অভিন্ন স্বার্থগুলো এগিয়ে নেওয়া যায়।’