প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ পিএম (ভিজিট : ৩২)

সংগৃহীত ছবি
বিশ্বের দুর্গম দুই মেরু অঞ্চল আর্কটিক ও অ্যান্টার্কটিকা ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলছে। নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক এক্সপেডিশন অপারেটর ওশানওয়াইড এক্সপেডিশনসের বাংলাদেশি পার্টনার হিসেবে স্বীকৃতি পেয়েছে দেশীয় ট্যুর অপারেটর বেঙ্গল ভিসতা ট্যুরস। এর ফলে প্রতিষ্ঠানটির মাধ্যমে বাংলাদেশিরা এখন থেকে দুই মেরু অঞ্চলে অভিযান পরিচালনার জন্য বুকিং দিতে পারবেন।
এই অংশীদারির অংশ হিসেবে ২০২৭ সালের জুলাইয়ে বাংলাদেশি পর্যটকদের একটি বড় দল নিয়ে আর্কটিক অভিযানের পরিকল্পনা করছে বেঙ্গল ভিসতা ট্যুরস। নরওয়ের স্ভালবার্ড অঞ্চলের স্পিটসবার্গেনকে কেন্দ্র করে পরিচালিত হবে এ অভিযান।
সম্প্রতি নেদারল্যান্ডসের ভ্লিসিংজেনে অবস্থিত ওশানওয়াইড এক্সপেডিশনসের প্রধান কার্যালয় পরিদর্শন করেন বেঙ্গল ভিসতা ট্যুরসের প্রতিনিধিরা। এ সময় দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভবিষ্যৎ সহযোগিতা এবং বাংলাদেশ থেকে মেরু অঞ্চলে পর্যটক পাঠানোর বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
বেঙ্গল ভিসতা ট্যুরসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবু মোহাম্মদ সালাহ উদ্দিন, যিনি ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা হিসেবে সালাহউদ্দীন সুমন নামে পরিচিত, এ অংশীদারির জন্য ওশানওয়াইড এক্সপেডিশনসের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষ করে অ্যান্টার্কটিকা অভিযান বাস্তবায়নে প্রতিষ্ঠানটির সেলস ডিরেক্টর হেলেন ও তাঁর দলের সহযোগিতার কথা তুলে ধরেন তিনি।
২০২৭ সালের জুলাইয়ে অনুষ্ঠেয় আর্কটিক অভিযানে পর্যটকেরা ওশানওয়াইডের আধুনিক এক্সপেডিশন জাহাজ এমভি হন্ডিয়াসে ভ্রমণ করবেন। অভিযানে বরফে ঢাকা বিস্তীর্ণ প্রান্তর, বিশাল হিমবাহ ও গভীর ফিয়র্ড দেখার পাশাপাশি মেরুভালুক, ওয়ালরাসসহ আর্কটিক অঞ্চলের বিভিন্ন বন্যপ্রাণী দেখার সুযোগ থাকবে। তবে বন্যপ্রাণীর দেখা পাওয়া এবং তীরে নামার বিষয়টি আবহাওয়া ও বরফের পরিস্থিতির ওপর নির্ভর করবে।
বাংলাদেশি পর্যটক দলের নেতৃত্ব দেবেন সালাহউদ্দীন সুমন। তাঁর সঙ্গে এক্সপেডিশন লিডার হিসেবে থাকবেন বেঙ্গল ভিসতা ট্যুরসের নির্বাহী পরিচালক নিলয় কুমার বিশ্বাস। এর আগে তাঁরা দুজনই আর্কটিক ও অ্যান্টার্কটিকা অঞ্চলে অভিযান পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছেন।
সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে নিয়মিত মেরু অঞ্চলভিত্তিক অভিযান পরিচালনার পরিকল্পনা করছে বেঙ্গল ভিসতা ট্যুরস। প্রতিষ্ঠানটির লক্ষ্য, দেশের পর্যটকদের জন্য স্থানীয়ভাবে বুকিং, ভ্রমণ পরিকল্পনা ও প্রয়োজনীয় প্রস্তুতিতে সহযোগিতা নিশ্চিত করে এ ধরনের ব্যতিক্রমী অভিযান আরও সহজলভ্য করা।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এ উদ্যোগ বাংলাদেশের পর্যটন খাতে অ্যাডভেঞ্চার ও এক্সপেডিশন ট্যুরিজমের নতুন সম্ভাবনা তৈরি করবে।