প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ পিএম (ভিজিট : ৫২)

সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও এ পদে নির্বাচিত হন তিনি।
জয় শাহের পুনর্নির্বাচনের মধ্য দিয়ে আইসিসি বোর্ডের তাঁর নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন ঘটেছে। ক্রিকেটের গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির ভবিষ্যৎ পরিকল্পনায় বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসার, দর্শক-সমর্থকের সংখ্যা বৃদ্ধি এবং খেলাটির বাণিজ্যিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পুনর্নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেন, আইসিসি বোর্ড তাঁর ওপর যে আস্থা রেখেছে, তাতে তিনি সম্মানিত বোধ করছেন। এ জন্য সব পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তাঁদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকে বিশেষ সুযোগ ও গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন জয় শাহ। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ ও উন্নয়নে সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।