
সংগৃহীত ছবি
খাবার পরিবেশনে বিলম্বকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীতে ‘দূরবীন বাংলা’ নামে একটি রেস্তোরাঁয় হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। হামলায় রেস্তোরাঁর কর্মচারীদের মারধরের পাশাপাশি প্রতিষ্ঠানের কাচ ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।
শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেস্তোরাঁর প্রবেশপথে কাচের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ভেতরে আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। রেস্তোরাঁর দুই পাশের সব কাচ ভেঙে ফেলা হয়েছে। এ সময় ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় দেখা যায়। গুলশান বিভাগের পুলিশের কর্মকর্তারাও পরিস্থিতি পরিদর্শন করেন।
রেস্তোরাঁর কর্ণধার সাফিন বেগ সহানুভূতি জানাতে আসা ব্যক্তিদের কাছে ঘটনার বিবরণ দেন। তিনি জানান, প্রথমে এক তরুণ রেস্তোরাঁয় এসে একটি খালি চেয়ারে বসেন। অথচ ওই আসনের জন্য আগে থেকেই একটি পরিবার অপেক্ষা করছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে রেস্তোরাঁর এক কর্মী পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান। তরুণটি শিক্ষার্থী বুঝতে পেরে তাকে অন্য একটি আসনের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে তিনি রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান।
সাফিন বেগ আরও বলেন, কিছুক্ষণ পর ওই তরুণ কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে আসেন। প্রথমে রেস্তোরাঁর বাইরে কর্মচারী খলিলকে মারধর করা হয়। এরপর প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ রেস্তোরাঁর কাছে রয়েছে বলেও জানান তিনি।
ঘটনার সময় উপস্থিত এক স্থানীয় বাসিন্দা জানান, হইচই শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি অন্তত ১০০ তরুণকে ভাঙচুর করতে দেখেন। রাস্তার অপর পাশেও কয়েকজন অবস্থান করছিলেন। তিনি বলেন, নিজের মুঠোফোনে ভিডিও ধারণ শুরু করলে কয়েকজন তাকে ধাওয়া করেন। এ সময় এক রিকশাযাত্রী ভিডিও ধারণ করতে গেলে হামলাকারীরা তাকে জুতা দিয়ে মারধর করেন।
ওই প্রত্যক্ষদর্শীর দাবি, প্রথমে তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী রেস্তোরাঁর কর্মচারীদের ওপর হামলা চালান। পরে আরও ১০০ থেকে ১৫০ তরুণ এসে সেখানে ভাঙচুর করেন।
খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রুহুল কবীর খানসহ পুলিশের কর্মকর্তারা।
ডিসি রুহুল কবীর খান বলেন, এ ঘটনায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা জড়িত ছিলেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, খাবারের অর্ডার নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা আরও সহপাঠীদের ডেকে এনে রেস্তোরাঁয় ভাঙচুর চালান।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত রেস্তোরাঁ কর্তৃপক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করেনি।