
সংগৃহীত ছবি
গত বছরের ডিসেম্বর ছিল বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম অস্থির সময়। ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে তরুণ রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। পরে ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা চালায় উচ্ছৃঙ্খল জনতা।
এরপর ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। এর মাত্র পাঁচ দিন পর মারা যান তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এক বছর পর আবারও আসছে ডিসেম্বর। তবে এবার নতুন কিছু রাজনৈতিক ও কূটনৈতিক অনিশ্চয়তা ঘিরে মাসটি গত বছরের মতোই ঘটনাবহুল ও গুরুত্বপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।
হাদি হত্যার বার্ষিকী এবং গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার এক বছর পূর্তির পাশাপাশি বেশ কিছু রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা তৈরি হচ্ছে। সব মিলিয়ে আগামী ডিসেম্বর বাংলাদেশের জন্য কঠিন এক সময় হয়ে উঠতে পারে।
সবচেয়ে বড় অনিশ্চয়তার কেন্দ্রে রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছেন তিনি।
গত ৯ নভেম্বর যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স ল চেম্বার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে চিঠি দিয়ে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুরোধ জানায়।
একই দিন বিএনপির সংসদীয় দলের বৈঠকেও বিষয়টি আলোচনায় আসে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে বৈঠকে সভাপতিত্ব করা প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
এর আগে ওই দিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশ চায় শেখ হাসিনাকে সাধারণ যাত্রী হিসেবে দেশে ফেরার সুযোগ দেওয়ার পরিবর্তে প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের কাছ থেকে হস্তান্তর করা হোক।
১০ নভেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, শেখ হাসিনা নিজে পাসপোর্টের জন্য আবেদন করেননি। প্রত্যর্পণের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনতেও সরকার কোনো আইনি বাধা দেখছে না।
অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করায় তিনি সেই আইনি সুযোগ হারিয়েছেন। দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলেও জানান তিনি।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। দেশের একটি অংশে এখনো তার সমর্থন থাকায় বাংলাদেশের রাজনীতিতে তিনি অত্যন্ত বিতর্কিত ও প্রভাবশালী একটি নাম। ফলে তার দেশে ফেরার সম্ভাবনা রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে।
শেখ হাসিনা দেশে ফিরলে সরকারকে একাধিক কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে। আদালতের রায় কীভাবে কার্যকর হবে, তার নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে এবং তাকে ঘিরে সম্ভাব্য জনসমাগম ও রাজনৈতিক পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা হবে এসব প্রশ্ন সামনে আসবে। এমনকি দেশে ফেরার তারিখ ঘোষণা করা হলেও রাজপথে মানুষের সমাগম ও উত্তেজনা তৈরি হতে পারে। অথচ এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে অস্থিরতার লক্ষণ দেখা যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে দেশের নিরাপত্তা পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ৭ থেকে ৯ নভেম্বরের মধ্যে অন্তত ১৯টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, এই তিন দিনে রাজধানীতে ৪৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
১০ নভেম্বর সারা দেশে আরও ২২টি অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। ওই দিন একজন নিহত হন এবং অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়। পুলিশের অভিযোগ, ডিসেম্বরকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব হামলা চালাচ্ছেন।
একই ধরনের সহিংসতার ঘটনা বারবার এবং দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া যথেষ্ট উদ্বেগের বিষয়। এসব ঘটনার জবাবে কর্তৃপক্ষ গণগ্রেপ্তার বা অতিরিক্ত বলপ্রয়োগের পথ বেছে নিলে নিরাপত্তা সংকট দ্রুত রাজনৈতিক সংঘাতে রূপ নিতে পারে।
ডিসেম্বরের রাজনৈতিক গুরুত্বও এ ক্ষেত্রে বিশেষভাবে বিবেচ্য। এটি বাংলাদেশের বিজয়ের মাস। বর্তমান বিএনপি সরকারের অধীনে এবারই প্রথম বিজয় দিবস উদযাপিত হবে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই মতবিরোধ রয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে কেন্দ্র করেই নিজেদের রাজনৈতিক অবস্থান গড়ে তুলেছিল। তবে বিরোধীদের অভিযোগ, নিজেদের সমালোচনা দমনে দলটি মুক্তিযুদ্ধের ইতিহাসকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক অতীত ও ভবিষ্যৎ নিয়ে বিতর্ককে আরও জটিল করে তুলেছে। নতুন সরকার কীভাবে বিজয় দিবস উদযাপন করে এবং বিরোধী দলগুলো কীভাবে প্রতিক্রিয়া জানায়, তা থেকেও নতুন উত্তেজনা তৈরি হতে পারে। পাশাপাশি পাল্টাপাল্টি সমাবেশ, রাজনৈতিক বক্তব্য ও বিক্ষোভের আশঙ্কা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে।
গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার এক বছর পূর্তিও সামনে আনছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেই ঘটনার পর আদৌ কি পরিস্থিতির কোনো পরিবর্তন হয়েছে?
১৮ ও ১৯ ডিসেম্বরের হামলাগুলো কেবল ভাঙচুরের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দ্য ডেইলি স্টার ও ডিসমিসল্যাবের এক অনুসন্ধানে উঠে এসেছে, হামলার আগে অনলাইনে উসকানিমূলক প্রচারণা চালিয়ে সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনগুলোর বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়েছিল। প্রকাশ্যে হুমকি দেওয়া হলেও ঘণ্টার পর ঘণ্টা সেগুলো উপেক্ষা করা হয়।
এক বছর পরও প্রশ্ন থেকে যাচ্ছে, এসব ঘটনায় জড়িত কতজনকে বিচারের আওতায় আনা হয়েছে? সাংবাদিক, সম্পাদক ও সংস্কৃতিকর্মীরা কি এখন আগের চেয়ে বেশি নিরাপদ বোধ করছেন? নতুন করে অস্থিরতা তৈরি হলে এসব প্রতিষ্ঠান আবারও হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এমন পরিস্থিতিতে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ভূমিকা মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তাদের অঙ্গীকারের গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠবে।
এসব অনিশ্চয়তার পাশাপাশি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও অস্বস্তি বিরাজ করছে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। ঢাকা আনুষ্ঠানিকভাবে তার প্রত্যর্পণ চাইলেও নয়াদিল্লি এখনো তাকে হস্তান্তর করেনি।
শেখ হাসিনা দেশে ফিরলে কী পরিস্থিতিতে তিনি বাংলাদেশ ছেড়েছিলেন এবং এ ক্ষেত্রে ভারতের ভূমিকা কী ছিল, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠবে। অন্যদিকে তিনি ভারতে অবস্থান অব্যাহত রাখলে তাকে দেশে ফেরত পাঠানোর বিষয়টি দুই দেশের সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করতেই থাকবে।
এরই মধ্যে ভারতীয় রাজনীতিবিদদের কিছু বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে সম্প্রতি দাবি করেছেন, দেশভাগের সময় নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ভুলবশত বাংলাদেশের অংশে চলে গিয়েছিল এবং ভারতের উচিত এগুলো পুনরুদ্ধার করা।
তিনি ভারত সরকারের মুখপাত্র হিসেবে বক্তব্য না দিলেও অতীতেও দেশটির কয়েকজন রাজনীতিবিদ এ ধরনের মন্তব্য করেছেন। ফলে তার বক্তব্যকে নিছক বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ সীমিত। দুই দেশের বর্তমান টানাপোড়েনের মধ্যে এমন মন্তব্য বাংলাদেশে ক্ষোভ বাড়াতে পারে এবং জাতীয়তাবাদী অবস্থানকে আরও জোরালো করতে পারে।
এর প্রভাব পড়তে পারে পানি বণ্টন, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। এসব বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখতে দুই দেশের সরকারকেই নিজ নিজ দেশে জনসমর্থন তৈরির কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
সমস্যাগুলোর প্রতিটি আলাদাভাবে বিবেচনা করলে সেগুলো মোকাবিলা করা তুলনামূলক সহজ হতে পারত। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি মূলত আইনি ও কূটনৈতিক। সাম্প্রতিক হামলাগুলো নিরাপত্তার প্রশ্ন। অন্যদিকে বিজয়ের মাস এবং গণমাধ্যমে হামলার বার্ষিকী রাজনৈতিক দায়িত্ববোধ ও ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। কিন্তু বাস্তবতা হলো, আগামী ডিসেম্বরে এসব বিষয় আলাদা আলাদাভাবে সামনে আসবে না। বরং একই সময়ে একাধিক সংকট মোকাবিলা করতে হতে পারে সরকারকে।
শেখ হাসিনাকে ঘিরে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা এলে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হতে পারে। সেই বিক্ষোভ সহিংস রূপ নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হতে পারে। এর ফলে নতুন সংঘাত তৈরি হলে রাজনৈতিক দমন-পীড়ন ও গণতান্ত্রিক স্বাধীনতা নিয়ে পুরোনো বিতর্ক আবারও সামনে আসবে। এসব বিতর্ক পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ।
একই সময়ে ভারত থেকে আসা উসকানিমূলক বক্তব্য আগে থেকেই উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
এমন নানা প্রশ্ন ও অনিশ্চয়তা নিয়েই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম ডিসেম্বর পার করতে যাচ্ছে। এ মাসে কী কী ঘটনা ঘটবে, তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সরকার সেগুলো কীভাবে মোকাবিলা করে। রাজনৈতিক ভিন্নমত ও জনবিক্ষোভের ক্ষেত্রে সরকার কি সংযম দেখাবে? গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনায় কি জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে?
রাজনৈতিক নেতারা কি অন্তত বিজয়ের মাসে কোনো অভিন্ন অবস্থানে পৌঁছাতে পারবেন, নাকি নিজেদের রাজনৈতিক হিসাব-নিকাশ মেটাতে দেশের ইতিহাসকে আবারও হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন? একই সঙ্গে ঢাকা ও নয়াদিল্লি কি নিজেদের মতপার্থক্যকে জনপরিসরে আরও তিক্ততা ছড়ানো থেকে বিরত রাখতে পারবে?
বাংলাদেশ অতীতেও বহু সংকটময় সময় পার করেছে। তবে এবারের ডিসেম্বর একই সঙ্গে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যবস্থার সক্ষমতার পরীক্ষা নিতে পারে। সবচেয়ে বড় আশঙ্কা কোনো একটি ঘটনা সামাল দিতে ব্যর্থ হওয়া নয়; বরং একাধিক ঘটনা পরস্পরকে উসকে দিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ফলে রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সামান্য ভুলও বড় সংকটের জন্ম দিতে পারে।