শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬ ● ২৮ কার্তিক ১৪৩৩

শিরোনাম: Hcucuv   আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে: রাশেদ খাঁন   রাজনৈতিক ও কূটনৈতিক নানা শঙ্কায় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের ডিসেম্বর   স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে চিকিৎসকদের মন-মানসিকতার পরিবর্তন জরুরি: রাষ্ট্রপতি   খাবার পরিবেশনে দেরি, মহাখালীর রেস্তোরাঁয় তিতুমীর শিক্ষার্থীদের হামলা-ভাঙচুরের অভিযোগ   ১০০০ মোমবাতি প্রজ্বালন ও ফুলেল শ্রদ্ধায় নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন উদযাপন   হাসিনার প্রত্যাবর্তনের অপেক্ষায় প্রশাসনের কেউ আছেন কি না, জানতে চাইলেন মন্ত্রিপরিষদ সচিব   
দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ পিএম   (ভিজিট : ৮৬)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়িয়ে দেশে প্রবেশ করে সিলেটে গোপন রাজনৈতিক বৈঠক শেষে আবার ভারতে পালিয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রঞ্জিত সরকারের এমন ঝটিকা সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। একই সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে দেশজুড়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।

পুলিশ সূত্র জানায়, রঞ্জিত সরকার কোন সীমান্তপথ ব্যবহার করে দেশে প্রবেশ করেছিলেন, কারা তাকে আশ্রয় দিয়েছিলেন এবং গোপন বৈঠকে কারা অংশ নিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। সিলেটের রাতারগুল এলাকার ‘সোহেল স্কয়ার রিসোর্টে’ ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এ ঘটনায় বৈঠকে অংশ নেওয়া অন্তত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া প্রায় ৬০ জনকে শনাক্ত করে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপস) আহসান হাবীব পলাশ যুগান্তরকে বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে পুলিশ সদর দপ্তর থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গোয়েন্দা সূত্রের দাবি, রঞ্জিত সরকার সিলেটের রাতারগুলের কাছাকাছি লামাপুঞ্জি সীমান্তপথ দিয়ে কৌশলে বাংলাদেশে প্রবেশ করেন। গত সোমবার সন্ধ্যায় তিনি সেখান থেকে সরাসরি পূর্বনির্ধারিত একটি গোপন স্থানে যান। বৈঠক শেষে পার্শ্ববর্তী জৈন্তাপুর থানা এলাকা হয়ে একই সীমান্তপথে ভারতে ফিরে যান। ৫ আগস্টের পর প্রথমে যুক্তরাজ্যে এবং পরে ভারত যান বলে জানা গেছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সুনামগঞ্জের তাহিরপুর ও যাদুকাটা এলাকা থেকে শিক্ষা সফর বা পিকনিকের কথা বলে প্রায় ১৫০ জনকে রাতারগুলে নিয়ে আসা হয়। চারটি বাসে আসা এসব মানুষের জন্য রিসোর্টের মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। রাতে সেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলার সময় একটি গাড়িতে করে রঞ্জিত সরকারসহ কয়েকজন মাঠে প্রবেশ করেন।

এ সময় শিক্ষা সফরের ব্যানার সরিয়ে দ্রুত রাজনৈতিক ব্যানার টানানো হয়। সেখানে রঞ্জিত সরকার প্রায় পাঁচ মিনিটের একটি সরকারবিরোধী বক্তব্য দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন বলে তদন্তসংশ্লিষ্টরা জানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের মেঘালয়ে অবস্থানরত অনুসারী ও একটি গোপন নেটওয়ার্কের সহায়তায় রঞ্জিত সরকার এ সফর করেন।

গত ৯ নভেম্বর বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই বৈঠকের ৫ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটি প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

পরে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে অভিযান শুরু করে। মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে ‘সোহেল স্কয়ার রিসোর্টে’ ব্যাপক তল্লাশি চালানো হয়। পরবর্তী সময়ে রিসোর্টটির কার্যক্রম বন্ধ করে প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়া। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রিসোর্টটি শনাক্ত করা হয় বলে জানা গেছে। পাশাপাশি বৈঠকে অংশ নেওয়া অন্য নেতাকর্মীদেরও শনাক্ত করেছে পুলিশ।

তবে শনাক্ত হওয়া অনেকেই ইতোমধ্যে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট ব্যুরোর তথ্য অনুযায়ী, এ ঘটনায় গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় রঞ্জিত সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত পুলিশের অভিযানে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]