
সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে কোনো ধরনের ‘ধীরে চলো নীতি’ বা অপেক্ষা করার প্রবণতা তৈরি হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। একই সঙ্গে প্রশাসনিক কাজে গতি বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি সচিব সভায় এসব নির্দেশনা দেন মন্ত্রিপরিষদ সচিব। দুপুর আড়াইটায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে শুরু হওয়া বৈঠকটি চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবেরা অংশ নেন।
সভায় উপস্থিত সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে দিনের নিয়মিত কার্যক্রম শুরুর পর উপসচিব মোহাম্মদ নাজিমুল হায়দারের স্বাক্ষরিত জরুরি নোটিশের মাধ্যমে সভাটি আহ্বান করা হয়।
সূত্রের বরাতে জানা গেছে, বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব জানতে চান, প্রশাসনের কোনো পর্যায়ে কর্মকর্তারা কাজে গতি না ফিরিয়ে ডিসেম্বরের জন্য অপেক্ষা করছেন কি না। এ সময় বিভিন্ন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রস্তাব ও সংশ্লিষ্ট সারসংক্ষেপ (সামারি) দ্রুত পাঠানোর নির্দেশ দেন তিনি।
এ ছাড়া চলমান শ্রমিক আন্দোলন ও সমসাময়িক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং বিভিন্ন উদ্যোগের অগ্রগতি জনগণের সামনে আরও জোরালোভাবে তুলে ধরতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়।
সভায় অংশ নেওয়া একজন সচিব নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে বলেন, ‘সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সরকার রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে সভায় আলোচনা হয়েছে। তবে প্রশাসনের সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং অর্জনগুলোর তথ্য সাধারণ মানুষের সামনে উপস্থাপন করতে বলা হয়েছে।’
ওই সচিব আরও বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক নানা প্রতিকূলতার মধ্যেও সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। দেশে-বিদেশে সরকারের প্রতি তৈরি হওয়া সমর্থন ধরে রাখতে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রশাসনের অভ্যন্তরে ‘ডিসেম্বর’ প্রসঙ্গটি সামনে এসেছে মূলত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে চলে যান তিনি। পরে ২০২৫ সালের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) তাকে মৃত্যুদণ্ড দেন।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তিনি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। এর পর গত ৯ নভেম্বর তার আইনজীবীরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শেখ হাসিনাকে সাধারণ নাগরিকের মতো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘শেখ হাসিনা একজন পলাতক, ফ্ল্যাগড সন্ত্রাসী ও ক্রিমিনাল। সে কি তার শ্বশুরবাড়ি রংপুরে বেড়াতে আসছে যে তাকে পাসপোর্ট দিতে হবে? একজন ক্রিমিনালকে ধরতে পাসপোর্ট লাগে না, লাগে জুডিশিয়াল প্রসেস।’
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পাসপোর্টের জন্য করা আবেদনটির সত্যতা ও আইনি ভিত্তি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় যাচাই করছে। আইনগতভাবে দণ্ডিত কোনো পলাতক আসামির এ ধরনের আবেদন করার সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারকে ইতিমধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।