
সংগৃহীত ছবি
বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা আগামী ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনা প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে ২০২৭ সালের জানুয়ারি থেকে দেশের প্রায় দেড় হাজার পর্যটন আকর্ষণকে কেন্দ্র করে সমন্বিত উন্নয়ন কার্যক্রম শুরুর পথ তৈরি হবে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জানিয়েছেন, ঢাকায় প্রস্তাবিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ চলাকালে মহাপরিকল্পনাটি প্রকাশের প্রস্তুতি চলছে।
পাঁচ দিনব্যাপী এ উৎসব আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে উৎসবের চূড়ান্ত কর্মসূচি এবং এতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
ফারুকী বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মহাপরিকল্পনাটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। চূড়ান্তকরণ ও জাতীয় পর্যটন কাউন্সিলের অনুমোদন পাওয়া গেলে জানুয়ারি থেকেই বাস্তবায়ন শুরু করা সম্ভব হবে।
তিনি জানান, পরবর্তী অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানোর আগে ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির যাচাই করা চূড়ান্ত নথি পাওয়ার আশা করছে বিটিবি।
নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশ ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রীর মাধ্যমে মহাপরিকল্পনাটি উন্মোচন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জাতীয় পর্যটন মহাপরিকল্পনায় ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত দেশের পর্যটন খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এর মূল লক্ষ্য বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা।
পরিকল্পনায় দেশের আটটি বিভাগে মোট ১ হাজার ৪৯৮টি পর্যটন সম্পদ ও আকর্ষণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এসব গন্তব্যে অবকাঠামো উন্নয়ন, পর্যটন পণ্য তৈরি, ব্যবস্থাপনা, বিপণন এবং দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মহাপরিকল্পনায় ২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এতে সমুদ্রসৈকত, পরিবেশবান্ধব পর্যটন, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী স্থান, ধর্মীয় পর্যটন, অ্যাডভেঞ্চার, নদীকেন্দ্রিক ভ্রমণ, গ্রামীণ পর্যটন, ক্রুজ এবং সম্মেলন ও প্রদর্শনীভিত্তিক পর্যটন (মাইস) বিকাশের প্রস্তাব রয়েছে।
পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে ই-ভিসা চালু, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, পর্যটন গন্তব্যের ব্যবস্থাপনা উন্নত করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে।
পর্যটন খাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা এবং স্বতন্ত্র পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাবও রাখা হয়েছে।
বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে ২০২৭ সালের জানুয়ারি থেকেই মহাপরিকল্পনার অগ্রাধিকারমূলক কার্যক্রম বাস্তবায়ন শুরু করতে চায় সরকার।
তিনি বলেন, পর্যটন মহাপরিকল্পনা বাস্তবায়ন বলতে শুধু হোটেল, রিসোর্ট কিংবা অন্যান্য অবকাঠামো নির্মাণকে বোঝায় না। এর আওতায় পর্যটন গন্তব্যের প্রচার, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়গুলোও রয়েছে।
মহাপরিকল্পনায় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান নির্ধারণ, অর্থায়নের উৎস চিহ্নিতকরণ, প্রকল্পের অগ্রাধিকার ঠিক করা এবং বাস্তবায়ন কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি কাঠামো প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া পর্যটন খাতের উন্নয়নে প্রাথমিক পর্যায়ের প্রকল্প গ্রহণ, বিনিয়োগে প্রণোদনা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে পর্যটন খাতকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিতে সমন্বিত জাতীয় মহাপরিকল্পনা তৈরি করছে সরকার।
তিনি বলেন, পর্যটনকে অগ্রাধিকারমূলক খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। মহাপরিকল্পনার আওতায় পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
প্রধানমন্ত্রী কক্সবাজার, সিলেট ও খুলনায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন জমিতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান।
কক্সবাজারে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে পর্যটন অবকাঠামো উন্নয়নের জন্য ১৩২ দশমিক ৪৪ একর জমি চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া পর্যটন খাতের দক্ষ জনবল তৈরিতে মোটেল লাবণী চত্বরে আধুনিক পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সংসদে জানিয়েছেন, প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্রকে অন্তর্ভুক্ত করে সমন্বিত মহাপরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, কমিউনিটিভিত্তিক পর্যটনের প্রসার, পর্যটকদের নিরাপত্তা জোরদার এবং পর্যটন খাতের তথ্য-উপাত্ত উন্নয়নের পাশাপাশি ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’ প্রণয়নের কাজও শুরু হয়েছে।
দেশের পর্যটন খাতের উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা দীর্ঘদিন ধরেই জাতীয় মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, সমন্বিত বিনিয়োগ, পেশাদার গন্তব্য ব্যবস্থাপনা এবং পর্যটকদের সেবার মান উন্নত করা না গেলে দেশের বিপুল পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হবে না।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ পর্যটন খাতের শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা, পেশাদার প্রশিক্ষণ এবং নীতিগত সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।
সংগঠনটির সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা ও সেবার মান বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমানও বেসরকারি খাতের অংশগ্রহণ, কার্যকর পর্যটন ব্যবস্থাপনা এবং সমন্বিত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।
তার মতে, মহাপরিকল্পনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, পর্যটন বিপণন এবং উন্নত যোগাযোগব্যবস্থাকে যথাযথ গুরুত্ব দিতে হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, পরিকল্পনাটি কার্যকরভাবে বাস্তবায়িত হলে দেশের পর্যটন খাতে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পরিচিতি বাড়ানোর সুযোগ তৈরি হবে।