প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ পিএম (ভিজিট : ১০৪)

সংগৃহীত ছবি
গাজীপুরের পিরুজালী গ্রামে নিজের হাতে গড়া নুহাশপল্লীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নুহাশপল্লীর লিচুতলায় তার সমাধিস্থলে এক হাজার মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে জন্মদিনের কর্মসূচি শুরু হয়।
শুক্রবার সকাল ৮টায় হুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার স্ত্রী মেহের আফরোজ শাওন। পরে লেখক, কবি, নাট্যজন ও ভক্তরা ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রিয় লেখককে স্মরণ করেন। বেলা সাড়ে ১১টার দিকে নুহাশপল্লীর কর্মীরা কেক কেটে জন্মদিন উদযাপন করেন।
নুহাশপল্লীর ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ জানান, এক হাজার মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে জন্মদিনের আয়োজন শুরু করা হয়েছে। তবে অসুস্থতার কারণে হুমায়ূন আহমেদের দুই ছেলে নিষাদ ও নিনিত এবার অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
একনজরে হুমায়ূন আহমেদ
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। আশি ও নব্বইয়ের দশকের পাঠক-দর্শকদের কাছে তিনি ছিলেন গল্পের জাদুকর। তার গল্প অবলম্বনে নির্মিত ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’ ও ‘নক্ষত্রের রাত’-এর মতো ধারাবাহিক নাটক ব্যাপক জনপ্রিয়তা পায়।
১৯৯২ সালে ‘শঙ্খনীল কারাগার’ চলচ্চিত্রের জন্য সেরা গল্পকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। ১৯৯৪ সালে ‘আগুনের পরশমণি’ নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তী সময়ে ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ ও ‘ঘেটুপুত্র কমলা’র মতো দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেন।
ব্যক্তিজীবনে ১৯৭৩ সালে গুলতেকিন খানকে বিয়ে করেন হুমায়ূন আহমেদ। তাদের চার সন্তান—নোভা, শীলা, বিপাশা ও নুহাশ। ২০০৫ সালে গুলতেকিনের সঙ্গে বিচ্ছেদের পর মেহের আফরোজ শাওনকে বিয়ে করেন তিনি। এ সংসারে তাদের দুই সন্তান নিষাদ ও নিনিত।
ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলা সাহিত্যের এই জনপ্রিয় কথাসাহিত্যিক।