
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টদের সম্মান জানাতে ব্যতিক্রমী আয়োজন করেছেন সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তাদের নিয়ে মতবিনিময় সভার পাশাপাশি আয়োজন করা হয় বিশেষ মধ্যাহ্নভোজের। এ উপলক্ষে দুটি বড় গরু জবাই করে রান্না করা পোলাও-মাংস দিয়ে কয়েক দফায় আপ্যায়ন করা হয় নির্বাচনে দায়িত্ব পালনকারী তৃণমূলের কর্মীদের।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইল পৌর উদ্যানে সদর উপজেলা বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে টাঙ্গাইল-৫ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টরা অংশ নেন। সভা শেষে তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন প্রতিমন্ত্রী।
মতবিনিময় সভায় পোলিং এজেন্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনের দিন যাদের ওপর দায়িত্ব দিয়ে তিনি নির্ভর করেছিলেন, তারা হলেন উপস্থিত পোলিং এজেন্টরা। সকাল থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত তারা অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, যারা নির্বাচনের দিন তার জন্য দায়িত্ব পালন করেছেন, তাদের সঙ্গে দেখা ও মতবিনিময় না করে থাকা সম্ভব নয়। সেই ভাবনা থেকেই তাদের নিয়ে এ আয়োজন করা হয়েছে।
পোলিং এজেন্টদের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, তারা মানুষের কাছে ভোট চেয়েছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। তাদের কথায় আস্থা রেখে জনগণ তাকে নির্বাচিত করেছেন। জনগণের সেই প্রত্যাশা পূরণে তিনি কাজ করবেন। এ সময় পোলিং এজেন্টদের ফোন নম্বর সংগ্রহ করা হয়েছে জানিয়ে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আশ্বাস দেন তিনি। তার ভাষায়, পোলিং এজেন্টরাই বিএনপির মূল প্রাণ।
দলীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দলকে সুসংগঠিত রাখতে হবে। স্বাধীনতা ও গণতন্ত্র অক্ষুণ্ন রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
টাঙ্গাইলের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তিনি এলাকার উন্নয়নে কাজ করতে চান। আগামী পাঁচ বছরে উন্নয়নের দিক থেকে টাঙ্গাইলকে দেশের শীর্ষ অবস্থানে নেওয়ার লক্ষ্য রয়েছে তার।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া চান তিনি।
এর আগে বিভিন্ন ভোটকেন্দ্রের পোলিং এজেন্টরা নির্বাচনের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন প্রতিমন্ত্রী। পুরো আয়োজন সুশৃঙ্খলভাবে পরিচালনায় দায়িত্ব পালন করেন আয়োজকদের স্বেচ্ছাসেবকেরা।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজ উদ্দিন বিপ্লব।
এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।