প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৮ পিএম (ভিজিট : ৫৭)

সংগৃহীত ছবি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকেরা আঞ্চলিক সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে কোনাবাড়ী বিসিক এলাকায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। পরে তাঁরা একত্র হয়ে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়। বর্তমানে শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছেন।