প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম (ভিজিট : ৭১)

সংগৃহীত ছবি
সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘোষণা দিয়েছেন যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে ৪৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে সীমান্তে অনুপ্রবেশ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
সাইফুল আলম খান বলেন, বিভিন্ন কৌশলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। তাদের অধিকাংশই ভারতের কলকাতা ও পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। যশোর ও সাতক্ষীরা সীমান্ত কলকাতা ও পশ্চিমবঙ্গের কাছাকাছি হওয়ায় এসব সীমান্ত ব্যবহার করে তাদের দেশে অনুপ্রবেশের চেষ্টা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, অনুপ্রবেশ ঠেকাতে ৪৯ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় বিজিবির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতের টহলে পোর্টেবল সার্চলাইট ব্যবহারের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে। প্রয়োজনে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে সীমান্তে দিন-রাত টহল আরও বাড়ানো হবে।
বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানাতে হবে। তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে এবং তাঁর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন পর্যন্ত সীমান্ত দিয়ে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হয়নি। ভবিষ্যতেও এ ধরনের অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না।