প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৫০ পিএম (ভিজিট : ৭২)

সংগৃহীত ছবি
প্রত্যেক মুমিনের উচিত যেকোনো ভালো কাজের শুরুতে ‘বিসমিল্লাহ’ বা ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পাঠ করা। এতে কাজের মধ্যে বরকত লাভের পাশাপাশি আল্লাহর নির্দেশ ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত অনুসরণের সুযোগ তৈরি হয়। প্রিয় নবী (সা.), সাহাবায়ে কেরাম, তাবেঈন ও বুজুর্গানে দ্বীনের যুগ থেকেই প্রতিটি কাজের শুরুতে পূর্ণাঙ্গ বিসমিল্লাহ পাঠ ও লেখার প্রচলন রয়েছে। তবে ইসলামের ইতিহাসে বিসমিল্লাহর বিকল্প হিসেবে কোনো সংক্ষিপ্ত সাংকেতিক রূপ ব্যবহারের নির্ভরযোগ্য নজির পাওয়া যায় না।
কিন্তু বর্তমান সময়ে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’-এর পরিবর্তে ‘৭৮৬’ লেখার একটি প্রবণতা দেখা যায়। ঠিক কখন থেকে এ প্রথার প্রচলন শুরু হয়েছে, তার সুনির্দিষ্ট ঐতিহাসিক তথ্য নেই। অনেকের বিশ্বাস, আরবি হরফ ‘বা’, ‘সিন’ ও ‘মীম’-এর আবজাদ পদ্ধতিতে নির্ধারিত সংখ্যামানের যোগফল ৭৮৬ হওয়ায় এটি বিসমিল্লাহর পরিবর্তে ব্যবহার করা যায়।
তবে শরিয়তের দৃষ্টিতে এ ধারণার কোনো গ্রহণযোগ্য ভিত্তি নেই। পবিত্র কোরআন, হাদিস, ইজমা কিংবা কিয়াসের কোনো দলিলেই বিসমিল্লাহর বিকল্প হিসেবে ৭৮৬ ব্যবহারের স্বীকৃতি পাওয়া যায় না।
‘আহসানুল ফতোয়া’সহ বিভিন্ন প্রখ্যাত ফতোয়াগ্রন্থে উল্লেখ করা হয়েছে, বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লিখলে পূর্ণাঙ্গ বিসমিল্লাহ পাঠ বা লেখার সওয়াব অর্জিত হয় না। একইভাবে এর মাধ্যমে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নতও পালন করা হয় না। কোনো বাক্যের সঙ্গে সংখ্যাগত মিল থাকলেই সেই সংখ্যা মূল বাক্যের বিকল্প হয়ে যায় না।
তাই যারা বরকতের আশায় বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লিখে থাকেন, তাঁদের এ বিষয়ে প্রচলিত ভুল ধারণা থেকে বেরিয়ে আসা উচিত। যেকোনো ভালো কাজের শুরুতে সংক্ষিপ্ত রূপ বা সংখ্যার পরিবর্তে সরাসরি পূর্ণাঙ্গ ‘বিসমিল্লাহ’ কিংবা ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পাঠ ও লেখার অভ্যাস গড়ে তোলাই উচিত।